লিবিয়া থেকে ২.৫ টন ইউরেনিয়াম নিখোঁজের বিষয়টি জানানোর একদিন পরই সেটির খোঁজ মিলেছে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর একজন মুখপাত্র।
লিবিয়ার জাতীয় বাহিনীর (এলএনএ) জনসংযোগ কর্মকর্তা খালেদ মাহজৌব এ তথ্য জানান।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম রাশিয়া টুডে।
খালেদ মাহজৌব জানান, দক্ষিণ লিবিয়ার চাদিয়ান সীমান্তের কাছে যে জায়গা থেকে ১০টি ইউরেনিয়াম থাকা কংক্রিটের ব্যারেল হারিয়েছে তার পাঁচ কিলোমিটার দূরেই এগুলো পাওয়া গেছে।
মাহজৌবের মতে, প্রতিবেশী দেশের বিদ্রোহীরা গুদাম থেকে এই নীল ড্রামগুলো চুরি করেছিল।
তারা ভেবেছিল, এর ভেতরে গোলাবারুদ মজুদ রয়েছে। পরে যখন দেখতে পায়, এই ব্যারেলগুলো গোলাবারুদের নয়। তারা এগুলো ফেলে চলে যায়।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) গত বুধবার (১৫ মার্চ) জানিয়েছিল, লিবিয়া থেকে নিখোঁজ হওয়া দুই টনেরও বেশি প্রাকৃতিক ইউরেনিয়াম উধাও হয়ে গেছে। ওই ইউরেনিয়াম খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে সংস্থাটি।
লিবিয়ায় দীর্ঘদিন ক্ষমতায় থাকা সাবেক একনায়ক মোয়াম্মের গাদ্দাফির শাসনামলে ২০০৩ সালে দেশটি পরমাণু অস্ত্র তৈরি কর্মসূচি পরিত্যাগ করে।