গ্রিসকে ২,৫০০ বছরের পুরনো ভাস্কর্য ফিরিয়ে দিলো ভ্যাটিকান

২,৫০০ বছর পুরানো তিনটি মার্বেল ভাস্কর্য গ্রিসকে ফিরিয়ে দিয়েছে ভ্যাটিকান কর্তৃপক্ষ। এটিকে দুই দেশের মধ্যে “বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক” হিসেবে দেখা হচ্ছে।

এর আগে বিখ্যাত পার্থেনন ভাস্কর্যগুলো গ্রিসে ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন পোপ ফ্রান্সিস।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ভাস্কর্য তিনটির একটিতে ঘোড়ার মাথা, একটি দাড়িওয়ালা পুরুষের মাথা এবং আরেকটিতে শিশুর মাথা রয়েছে।

এরমধ্য দিয়ে গ্রিস আশা করছে, এই পদক্ষেপ অন্য দেশগুলোকে পার্থেনন মন্দিরের ভাস্কর্য ফিরিয়ে দিতে উৎসাহিত করবে।

দেশটি বলছে, পার্থেননের প্রায় ৫০% আসল ভাস্কর্যের কোনো হদিস নেই। যেগুলোর হিসাব আছে তার প্রায় অর্ধেকই লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত।

ভাস্কর্য ফিরিয়ে দেওয়ার সময় ক্যামেরার সামনে দুই দেশের প্রতিনিধিরা হাসিমুখে করমর্দন করেন।

এ সময় গ্রিসের অর্থোডক্স গির্জার প্রধান আর্চবিশপ লেরোনিমস বলেন, “এই পদক্ষেপটি যেন অন্যরা অনুসরণ করে, এটা আমার আন্তরিক কামনা। পোপ ফ্রান্সিস দেখিয়েছেন, এটা সম্ভব।”

কয়েক শতাব্দী ধরে ভাস্কর্যগুলো ভ্যাটিকানের জাদুঘরে সংরক্ষিত ছিল।

গত শতাব্দীর শুরু থেকে ভ্যাটিকান ও ইউরোপের অন্যান্য দেশে থাকা নিজেদের প্রত্নবস্তু পুনরুদ্ধারের চেষ্টা করে আসছে গ্রিস।