এক চশমা কিনতে গিয়ে কিনলেন ৬০টি

অনলাইন থেকে একটি চশমা কিনতে চেয়েছিলেন ইংল্যান্ডের বাসিন্দা টম আর্নল্ড। সেটির ডেলিভারি পেয়ে তিনি চমকে ওঠেন বড় বাক্স থেকে। সেটি খুলতে তার চোখ জযেন উঠলো কপালে! কারণ সেখানে একটি নয়, বরং ছিল ৬০টি চশমা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এমন ঘটনা শেয়ার করেছেন ওই ব্যক্তির ছেলে দেশটির জনপ্রিয় রেডিও ব্যক্তিত্ব ক্রিস আরনল্ড।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর।

পোস্টে ক্রিস আরনল্ড জানান, তার বাবা ৬১ বছরের টম আরনল্ড প্যাকেট খুলে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলেন। তিনি তার বাবার একটি ছবি টুইটারে পোস্ট করেন।

ছবিতে দেখা যায়, একটি সোফায় বসে মোবাইল ব্যবহার করছেন তার বাবা। পাশে রয়েছে চশমার অনেক প্যাকেট।

আরনল্ড ক্যাপশনে লেখেন, অর্ডার করার সময় পরিমাণের বিষয়টি ভুল পড়ার কারণে আমার বাবা ইন্টারনেট থেকে ৬০টি রিডিং গ্লাস কিনে ফেলেছেন।

তিনি বলেন, চশমার প্যাকেট যখন এলো তখন বাবা তা দেখে হতভম্ব হয়ে যান। আমরা অর্ডার চেক করে দেখি ভুল আমাদের পক্ষ থেকেই হয়েছে।

আরনল্ডের পোস্টটি নজরে এসেছে স্পেকসেভারের। তারা এক পোস্টে লিখেছে, আমাদেরও কি এটা বলার দরকার আছে?

উত্তরে আরনল্ড দেন মজার এক প্রস্তাব।

তিনি জানতে চান, তোমরা কি আমার বাবার কাছ থেকে ৫৯টি চশমা কিনতে চাও?

রসিকতা করতে ছাড়েনি স্পেকসেভার।

তারা বলেছে, যদি আপনি এসব চশমার কোনো ব্যবস্থা করতে না পারেন, তাহলে আপনার বাবার মুখমণ্ডলে অতিরিক্ত ১১৮টি চোখ যুক্ত করার কথা বিবেচনা করুন।