তাইওয়ানকে প্রায় ৫০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউজের প্রেসিডেন্সিয়াল ড্র-ডাউন অথোরিটির (পিডিএ) মাধ্যমে প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা প্রয়োগ করে তাইওয়ানকে এই সহযোগিতা দিতে চলেছে যুক্তরাষ্ট্র।
দেশটির ২০২৩ সালের বাজেটে পিডিএ ক্ষমতা প্রয়োগ করে তাইওয়ানকে অস্ত্র সহযোগিতা দিতে প্রায় ১০০ কোটি ডলার বরাদ্দ রেখেছে বাইডেন প্রশাসন।
এর আগে একই ক্ষমতা প্রয়োগ করে ইউক্রেনকে ৩৫ বার সামরিক সহায়তা পাঠিয়েছে ওয়াশিংটন।
পিডিএ মার্কিন প্রেসিডেন্টের এক ধরনের ক্ষমতা। এটির মাধ্যমে জরুরি অবস্থায় পার্লামেন্টের অনুমোদন ছাড়াই সরকারি খাত থেকে যেকোনো পরিমাণ অর্থ স্থানান্তর করতে পারেন তিনি।
গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে চীন। তবে এটির সঙ্গে একমত নয় তাইওয়ান সরকার।
গত তিন বছর ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডে যুক্ত করতে প্রচেষ্টা চালাচ্ছে বেইজিং। এমনকি এজন্য শক্তি প্রয়োগের আশঙ্কাও রয়েছে।
এদিকে ঋণে জর্জরিত যুক্তরাষ্ট্রের এ চিন্তায় রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে এ নিয়ে বিতর্ক চলছে বলেও জানা গেছে। এমনকি রিপাবলিকান দলের অনেক নেতা দেশটির ব্যয় কমানোর পরামর্শ দিচ্ছেন।