ভারতীয় বংশোদ্ভূত বুকার পুরস্কারজয়ী ঔপন্যাসিক ব্রিটিশ লেখক সালমান রুশদি তার ওপর সংঘটিত ছুরি হামলা নিয়ে একটি বই লিখছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
সম্প্রতি হেই লিটারারি ফেস্টিভ্যালের জুম উপস্থিতিতে রুশদি বলেন, “আমার ওপর আক্রমণ সম্পর্কে আমি একটি বই লেখার চেষ্টা করছি। সেখানে থাকবে সেদিন কী ঘটেছে, এর অর্থ কী ইত্যাদি। বইটি কেবল আক্রমণ সম্পর্কে নয়, বরং এর নানা দিক নিয়ে হবে।”
আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী এই লেখক আরও বলেছেন, “এটি কয়েকশ পৃষ্ঠার অপেক্ষাকৃত ছোট একটি বই হবে। এটি বিশ্বের সবচেয়ে সহজ বই হবে না। তবে এটি এমন কিছু, যার জন্য আমাকে অতীতে ফিরে যেতে হবে।”
রুশদি পাঠকদের আরও জানান, “তিনি বর্তমানে সুস্থ আছেন।”
তিনি তার সবচেয়ে সাম্প্রতিক কাজ “ভিক্টরি সিটি”র প্রতিক্রিয়ার জন্য পাঠকদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভিক্টরি সিটি তিনি ছুরিকাঘাতের ঘটনার আগে সম্পন্ন করেছিলেন।
ভিক্টরি সিটি সম্পর্কে তিনি বলেন, “আমি কখনই কোনো কিছুকে স্বাভাবিকভাবে নিই না। বেশিরভাগ লোকই বইটি পছন্দ করেছে বলে মনে হয় এবং এর অর্থ অনেক।”
২০২২ সালের আগস্টে নিউইয়র্কে একটি সাহিত্যবিষয়ক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন রুশদি। এ সময় মঞ্চে তার ওপর হামলা চালান ২৪ বছর বয়সী যুবক হাদি মাতার। নিউ জার্সির এই বাসিন্দা সেদিন রুশদিকে ১০ থেকে ১৫ বার ছুরিকাঘাত করেন। এতে নিজের রক্তের ওপর লুটিয়ে পড়েন রুশদি। এর জের ধরে প্রায় ছয় সপ্তাহ হাসপাতালে কাটাতে হয় এই লেখককে। পরে এক চোখের দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলেন তিনি।
রুশদির হামলাকারী হাদি মাতারকে জামিন ছাড়াই মেভিল গ্রামের চৌতাকুয়া কাউন্টি কারাগারে বন্দি রাখা হয়েছে বলে জানা গেছে।
তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে এবং বিচার শেষ হওয়ার পর তিনি দীর্ঘ কারাদণ্ডের সম্মুখীন হতে পারেন।