করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছেন এমন ব্যক্তিদের শরীরে প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে বুস্টার ডোজ বাধ্যতামূলক করছে সৌদি সরকার।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে খালিজ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ১ ফেব্রুয়ারি থেকে সোদি আরবের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে অবশ্যই বুস্টার ডোজ নিতে হবে।
এছাড়া, তাওয়াক্কলনা অ্যাপে দুই ডোজ টিকা নেওয়ার পাশাপাশি, বুস্টার ডোজের টিকা নিয়েছেন কি-না সেই তথ্যও সংযুক্ত করতে হবে।
সূত্রটি আরও জানিয়েছে, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাওয়ার আট মাস পর বুস্টার ডোজ বাধ্যতামূলক হয়ে যাবে।
দেশের যেকোনো সামাজিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, বিনোদন বা ক্রীড়া ইভেন্টে যোগদান করতে ইচ্ছুক ১৮ বছর বা তার বেশি বয়সের প্রাপ্তবয়স্কদের জন্য এটি বাধ্যতামূলক।
অ্যাপে সম্পূর্ণ টিকা প্রাপ্ত ব্যক্তিরা নিম্নলিখিত কার্যক্রমগুলোয় অংশ নিতে পারবেন-
- অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক, ক্রীড়া বা পর্যটন কার্যকলাপে অংশ নিতে পারবেন।
- সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, সামাজিক বা বিনোদনমূলক অনুষ্ঠানে যোগ দিতে পারবেন।
- সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন।
- বিমান ও পাবলিক যানবাহনে ভ্রমণ করতে পারবেন।
তবে, অ্যাপে তালিকাভুক্ত করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ থেকে অব্যাহতিপ্রাপ্তদের বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজন নেই বলে সূত্রটি জানিয়েছে।
এছাড়া, সকলের জন্য সতর্কতামূলক এবং প্রতিরোধমূলক ব্যবস্থা এবং অনুমোদিত স্বাস্থ্য বিধিনিষেধগুলো মেনে চলার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন তারা।