নিজেদের আকাশসীমায় গুপ্তচর বিমান পাঠিয়ে যুক্তরাষ্ট্র নজরদারি চালাচ্ছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এই অভিযোগ তুলেন। এর পরিণাম ভালো হবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
মঙ্গলবার (১১ জুলাই) উত্তর কোরিয়া জানায়, সোমবারও তাদের আকাশে মার্কিন বিমান উড়েছে। মঙ্গলবার মার্কিন সেনাবাহিনীর একটি বিমান তাদের আকাশে অন্তত আটবার পাক খেয়েছে।
এর আগে সোমবার কিম ইয়ো জং দাবি করেছিলেন, তাদের আকাশসীমায় মার্কিন গুপ্তচর বিমান ঢুকে নজরদারি চালাচ্ছে। ফের এমন ঘটলে তারা তা গুলি করে নামিয়ে নিতে বাধ্য হবেন।
উত্তর কোরিয়ার এই দাবি নিয়ে যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো বিমান উত্তর কোরিয়ার আকাশসীমায় ঢোকেনি। খোলা সমুদ্রের ওপর দিয়ে তারা চলাচল করেছে। এটি রুটিন ফ্লাইট। এর সঙ্গে গুপ্তচরবৃত্তির কোনো সম্পর্ক নেই।
এর উত্তরে পিয়ংইয়ং বলছে, এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার নাক গলানো ভালো চোখে দেখছে না তারা। যুক্তরাষ্ট্রকেই এর উত্তর দিতে হবে।
এর আগে উত্তর কোরিয়া দাবি করেছিল, যুক্তরাষ্ট্র তাদের জলসীমার খুব কাছে পরমাণু অস্ত্র সমৃদ্ধ যুদ্ধজাহাজ স্থাপন করছে। এর ফলে পরমাণু যুদ্ধ অবশ্যম্ভাবী বলে জানিয়েছিল তারা।
যুক্তরাষ্ট্র সেসময় জানিয়েছিল, দক্ষিণ কোরিয়ার কাছে তারা একটি যুদ্ধ জাহাজ রাখবে। জাহাজে পরমাণু অস্ত্র চালানোর মতো ব্যালেস্টিক মিসাইল থাকবে। উত্তর কোরিয়া যেভাবে একের পর এক মিসাইল পরীক্ষা করছে, তার জবাব দিতেই ওই জাহাজ রাখা হবে। তবে তারা কোনো নির্দিষ্ট সময়সীমা দেয়নি।