কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বহনকারী বিমান খারাপ হয়ে গেছে। তাই তিনি এখনো ভারতেই অবস্থান করছেন। সেই বিমানের যন্ত্রাংশ নিয়ে ইতোমধ্যে আরও একটি বিমান ভারতে এসেছে।
কানাডার সরকারি কর্মকর্তারা ব্লুমবার্গকে জানিয়েছেন, খারাপ হয়ে যাওয়া বিমানটিকে সারাবার চেষ্টা চলছে। সারাতে অসুবিধা হলে যন্ত্রাংশ নিয়ে আসা বিমানে করেই দেশে ফিরবেন জাস্টিন ট্রুডো। তার সঙ্গে প্রতিনিধিদলের সদস্যরাও আটকে পড়েছেন।
দিল্লিতে কানাডার দূতাবাসের তরফ থেকে ট্রুডোর অফিসের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, খারাপ হওয়া বিমানের দেখভাল করে কানাডার বিমানবাহিনী। তারা জানিয়েছে, বিমানে কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছে, যা রাতারাতি সারানো সম্ভব নয়। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতিনিধিদল দিল্লিতে থাকবেন।
ট্রুডোর অফিস বলেছে, খুব তাড়াতাড়ি হলে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী দেশে ফিরতে পারেন।
কানাডার প্রধানমন্ত্রীর ভারত সফর এবার খুব একটা মসৃণ হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, কানাডায় ভারতবিরোধী সন্ত্রাসীদের বিক্ষোভ দেখাতে দেওয়া হচ্ছে।
এদিকে ট্রুডোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, ভারত কানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।
মোদি ও ট্রুডোর মধ্যে বৈঠকও হয়নি। দুইজনে জি-২০-র সাইডলাইনে কিছুক্ষণ কথা বলেন।