ভারতে আফগান দূতাবাসের কার্যক্রম স্থগিত

ভারতে আফগানিস্তানের দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে। রবিবার (১ অক্টোবর) থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির আফগান দূতাবাসের কার্যক্রম স্থগিতের ঘোষণা কার্যকর হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার দুই বছর পর এমন পদক্ষেপ নেওয়া হলো।

পশ্চিমা-সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ গণি’র সরকারকে উৎখাত করে ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। তবে এ পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত। অবশ্য নয়াদিল্লিতে আফগান দূতাবাসে সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির নিয়োগ দেওয়া রাষ্ট্রদূত ও কূটনীতিকদের এতদিন কার্যক্রম চালাতে কোনো বাধা দেওয়া হয়নি।

শনিবার নয়াদিল্লির আফগান দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলা হয়েছে, “গভীর দুঃখ, অনুশোচনা ও হতাশার সঙ্গে নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাস তাদের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে।”

কর্মীর সংকট ও অর্থকড়ির অভাবে দূতাবাসের কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ দিন দিন বাড়ছিল বলে বিবৃতিতে বলা হয়েছে।

তত্ত্বাবধায়কের ক্ষমতাবলে ভারত সরকার দূতাবাসটির নিয়ন্ত্রণ নেবে বলে বিবৃতিতে বলা হয়েছে।