ফরাসি সম্রাট ও সেনানায়ক নেপোলিয়ন বোনাপার্টের ব্যবহৃত একটি টুপি রেকর্ড ১৯ লাখ ৩৮ হাজার ইউরোয় বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ২৩ কোটি ১৮ লাখ টাকা।
রবিবার (২০ নভেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসে এই নিলাম অনুষ্ঠিত হয়।
নিলামকারী প্রতিষ্ঠান ধারণা করেছিল, সাড়ে ৭ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত দামে টুপিটি বিক্রি হতে পারে। নেপোলিয়নের এই টুপির মালিক ছিলেন একজন ব্যবসায়ী। তিনি গত বছর মারা যান।
ইতিহাসবিদেরা জানিয়েছেন, এ ধরনের টুপিকে বলা হয় নেপোলিয়নের “ট্রেডমার্ক” টুপি। যুদ্ধের ময়দান কিংবা সেনা বা জনসমাবেশ- এই টুপি পরা দেখলেই চেনা যেত ব্যক্তিটি নেপোলিয়ন। নেপোলিয়নের এ ধরণের প্রায় ১২০টি টুপি ছিল। এর মধ্যে এখন রয়েছে মাত্র ২০টি, প্রায় সবই ব্যক্তিগত সংগ্রহে।
এর আগে ২০১৪ সালে নেপোলিয়নের একটি টুপি ১৮ লাখ ৮৪ হাজার ইউরোয় বিক্রি হয়। দক্ষিণ কোরিয়ার এক ব্যবসায়ী সেই টুপি কিনেছিলেন। সেই রেকর্ড এবার ভেঙে গেল।
২০২১ সালে নেপোলিয়নের একটি টুপি লন্ডনে নিলাম হয়েছিল। সেটির ডিএনএ পরীক্ষা করে বলা হয়েছিল, নেপোলিয়ন সেই টুপি পরতেন।