প্রকাশ্যে কোরআন পোড়ানো বন্ধে ডেনমার্কে আইন পাশ

জনসমাগমস্থলে মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন শরিফ পোড়ানো বেআইনি ঘোষণা করে ডেনমার্কের পার্লামেন্টে একটি আইন পাশ হয়েছে ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আইনটি পাশ হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এই আইন লঙ্ঘন করলে জরিমানা বা দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

প্রসঙ্গত, এই বছর ডেনমার্ক ও সুইডেনে ইসলাম বিরোধীরা একাধিকবার প্রকাশ্যে কোরআনে আগুনে দেয়। এ ঘটনায় বিশ্বের মুসলিম দেশগুলো তীব্র প্রতিক্রিয়া জানায়। এমন ঘটনা ঠেকাতে দেশ দুটিতে কোরআন পোড়ানো নিষিদ্ধের জন্য আহ্বান জানায় মুসলিম দেশগুলো।

ডেনমার্ক সংবিধান প্রদত্ত ধর্মের সমালোচনার অধিকারসহ বাকস্বাধীনতা এবং জাতীয় নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। দেশটির আশঙ্কা কোরআন পোড়ানোর ঘটনায় জঙ্গিরা হামলা চালাতে পারে।

দেশ দুটির অভ্যন্তরীণ সমালোচকরা বলছেন, কোরআন পোড়ানো বন্ধসহ ধর্মের সমালোচনা সীমিত করার উদ্যোগ অঞ্চলটির দীর্ঘ লড়াইয়ে অর্জিত উদার স্বাধীনতাকে খর্ব করবে।

ডেনমার্কের মধ্যপন্থি জোট সরকার দাবি করেছে, এই নতুন আইনে মুক্ত মতের ওপর প্রভাব খুব সামান্য পড়বে এবং অন্যান্য পন্থায় ধর্মের সমালোচনা বৈধ থাকবে।

সুইডেনও আইনসম্মতভাবে কোরআনের অবমাননা ঠেকানোর বিষয় বিবেচনা করছে। তবে ডেনমার্কের চেয়ে ভিন্ন পথে এগোচ্ছে দেশটি। তারা খতিয়ে দেখছে, বিক্ষোভের অনুমোদন দেওয়ার সময় পুলিশ জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেবে কি-না।