সোমালিয়া উপকূলে ১৫ ভারতীয়সহ কার্গো জাহাজ ছিনতাই

সোমালিয়ার উপকূলে ১৫ ভারতীয় ক্রুসহ লাইবেরিয়ার পতাকাবাহী একটি মালবাহী জাহাজ ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় সোমালিয়ার উপকূলের কাছে আরব সাগরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ভারতের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নৌবাহিনী ছিনতাই হওয়া জাহাজটির ওপর নজর রাখছে। ঘটনাস্থলের দিকে একটি যুদ্ধজাহাজ পাঠানো হচ্ছে।

ক্রুরা জাহাজটির একটি নিরাপদ কোঠায় আশ্রয় নিয়েছেন। ভারতীয় নৌবাহিনীর একটি আকাশযান “এমভি লিলা নরফোকের” ওপর নজর রাখছে। ক্রুদের সঙ্গে তাদের যোগাযোগও হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় পাঁচ থেকে ছয়জন অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি জাহাজটিতে ওঠে। এ খবর জানিয়ে দ্রুত জাহাজ থেকে “ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্সে” (ইউকেএমটিও) একটি বার্তা পাঠানো হয়। খবর পেয়ে ভারত মহাসাগরে মোতায়েন ভারতীয় নৌবাহিনী দ্রুত সাড়া দেয়। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার (৫ জানুয়ারি) ভারতীয় নৌবাহিনীর আকাশযানটি ছিনতাই হওয়া জাহাজটির ওপর দিয়ে উড়ে গেছে। পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখা হচ্ছে।

ভারতের সামরিক বাহিনীর কর্মকর্তারা জানান, ছিনতাই হওয়া ‍“এমভি লিলা নরফোক” জাহাজটির দিকে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে ভারতীয় নৌবাহিনী। “আইএনএস চেন্নাই” নামের এ যুদ্ধজাহাজটি পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করবে।