তিন উপায়ে বাড়ির সবার স্মার্টফোন আসক্তি কমিয়ে আনলেন গৃহবধূ

ডিজিটাল যুগে মুঠোফোন সবার নিত্যসঙ্গী। অনেকেই একদণ্ডও মুঠোফোন ছাড়া থাকতে পারেন না। তবে কারো কারো মুঠোফোন আসক্তি রীতিমত ভয়াবহ পর্যায়ের। এতে বিরক্ত হন অনেকেই। এই আসক্তি কমাতে নানা উদ্যোগও নিতে দেখা যায়। তবে ব্যতিক্রমী কৌশলে নজর কেড়েছেন ভারতের এক গৃহবধূ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, পরিবারের সদস্যদের মুঠোফোন আসক্তি কমাতে সবার সঙ্গে একটি চুক্তি করেন তিনি। যেখানে পরিবারের সবাই সাক্ষর করেছেন।

চুক্তিতে তিনি লেখেন, পরিবারের সদস্যরা একে অপরের কাছাকাছি থাকার চেয়ে বেশি থাকছে মোবাইলের কাছাকাছি।

হিন্দিতে নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে লেখা চুক্তিতে তিনটি নিয়ম উল্লেখ করা হয়েছে।

প্রথমত, ঘুম থেকে ওঠার পর ফোনের দিকে নয় বরং সূর্যের দিকে তাকাতে হবে।

দ্বিতীয়ত, খাবার টেবিলে সবাইকে একসঙ্গে খেতে হবে ও ফোন দূরে রাখতে হবে।

আর তৃতীয়ত বাথরুমে ফোন ব্যবহার করা যাবে না। সেখানে রিল দেখে সময় নষ্ট করা যাবে না।

চুক্তিতে রাগ করে সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে উল্লেখ করা হয়।

এছাড়া কেউ এই নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে তাকে এক মাস অনলাইনে খাবার অর্ডার করা থেকে বিরত থাকতে হবে।

এই চুক্তির বিষয়টি ইনস্টাগ্রামে প্রকাশের পর থেকেই সেটি সবার নজর কেড়েছে। অনেকেই বিভিন্ন মন্তব্য করছেন।

একজন যেমন বলেছেন, “চুক্তি লঙ্ঘনের জন্য শাস্তি কী হবে তা পড়ার অপেক্ষায় ছিলাম এবং হতাশ হইনি!”

আরেকজন বলেন, “ন্যায্য মনে হচ্ছে।”

একজন পরামর্শ দিয়ে লিখেন, দোষী সাব্যস্ত হলে, “ফোনটি বাজেয়াপ্ত করতে হবে। এরপর তাকে বাটন ফোন দিতে হবে।”

আরেকজন আবার বলেছেন, “আশা করি এটা আমার মায়ের চোখে পড়বে না।”