মস্কোয় কনসার্ট হলে হামলা: তাজিকিস্তানে আটক ৯

রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে হামলায় জড়িত সন্দেহে নয়জনকে আটক করেছে তাজিকিস্তান।

রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছিল, গত ২২ মার্চের এ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। পরে নিহতের সংখ্যা বেড়ে দাড়ায় ১১৫।

২০ বছরের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী এই হামলার পেছনে সন্দেহভাজন চার বন্দুকধারী তাজিক নাগরিক। অন্য সাত সন্দেহভাজনের সঙ্গে তাদেরও গ্রেপ্তার করা হয়। সাত সন্দেহভাজনের মধ্যেও কয়েকজন তাজিকিস্তানের।

বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, সন্দেহভাজনদের আটকের সময় রাশিয়ার নিরাপত্তা বাহিনীও ছিল।

আরআইএর মতে, যাদের আটক করা হয়েছে তাদের সঙ্গে আইএসআইএলের (আইএসআইএস) সঙ্গে সংযোগ রয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে।

তাজিকিস্তানের রাষ্ট্রীয় নিরাপত্তা কমিটি সোমবার ভাকদাত নগরীতে ৯ জনকে আটক করেছে। তারা এখন রাজধানী দুশানবে-তে আছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানান নি তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, কনসার্ট হলে বন্দুক হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত অপরাধীদের সঙ্গে ইউক্রেনের যোগাযোগ ছিল এবং হামলার পর বন্দুকধারীরা ইউক্রেনেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

অন্যদিকে, বৃহস্পতিবার রুশ তদন্তকারীরা জানিয়েছেন, তারা কনসার্ট হলে চালানো হামলায় বন্দুকধারীদের সঙ্গে ইউক্রেইনীয়দের যুক্ত থাকার প্রমাণ পেয়েছেন। তবে রাশিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।

ওই হামলার ঘটনার দায় স্বীকার করেছিল আইএস। মূলত জঙ্গিগোষ্ঠীটির আফগান শাখা ইসলামিক স্টেট খোরাসান (আইএসআইএস-কে) ওই হামলা চালিয়েছিল।