যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে পাতালট্রেনে ঘুমন্ত অবস্থায় থাকা এক নারীর গায়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২২ ডিসেম্বর) সকালে এ ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়ার্ক টাইমস।
পুলিশ জানিয়েছে, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই নারী ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ পাতাল স্টেশনে একটি ট্রেনের ভেতরে স্থির হয়ে বসে ছিলেন। একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি শান্তভাবে তার কাছে এসে লাইটার দিয়ে ওই নারীর পরনের কাপড়ে আগুন ধরিয়ে দেন। এর আগে দুজনের মধ্যে কোনো ধরনের বাগ্বিতণ্ডা হতে দেখা যায়নি। এই দুই নারী-পুরুষ আগে থেকে একে অপরকে চিনতেন বলেও মনে করছে না পুলিশ।
স্টেশনে টহলে থাকা পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যান। আর ওই ব্যক্তি ট্রেন থেকে নেমে পড়েন।
এক প্রত্যক্ষদর্শী তার মুঠোফোনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, যেখানটায় ওই নারী পুড়ছিলেন, তার থেকে একটু দূরে প্ল্যাটফর্মের বেঞ্চের ওপরে এক ব্যক্তি বসে আছেন। তার পরনে ধূসর রঙের একটি হুডি। গ্রেপ্তার হওয়া ব্যক্তির পরনেও একই পোশাক দেখা গেছে।
পুলিশ বলছে, কর্মকর্তারা অগ্নিনির্বাপণযন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন। জরুরিসেবা কর্মীরা ঘটনাস্থলেই ওই নারীকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ইতিমধ্যে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। গতকাল ঘটনাটির পরে পাতালট্রেন থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।