যে কারণে যুক্তরাষ্ট্র-কানাডা এক দেশ হয়ে যাওয়া উচিত বলে মনে করেন ট্রাম্প

কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো। এ ঘোষণার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে এ বিষয়ে এক মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রেরর অঙ্গরাজ্য হতে চায় কানাডার জনগণ, এটা বুঝতে পেরেই জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন।”

তিনি আরও বলেন, “যদি কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হয়ে যায়, তাহলে কোনো শুল্ক থাকবে না, কর কমে যাবে এবং তারা রাশিয়া এবং চীনের যুদ্ধজাহাজের হুমকি থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে। যেগুলো তাদের অব্যাহতভাবেব ঘিরে রাখছে। কানাডা-যুক্তরাষ্ট্র এক, কী অসাধারণ দেশ হবে এটি!”

এর আগে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কিনে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ আকাঙক্ষা ব্যক্ত করার পর এর কড়া জবাব দেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেডে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বার্তা পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, “সারা বিশ্বের নিরাপত্তা এবং স্বাধীনতার স্বার্থে যুক্তরাষ্ট্র মনে করে যে, গ্রিনল্যান্ডের মালিকানা এবং নিয়ন্ত্রণ এই মুহূর্তে অত্যাবশ্যক।” 

এছাড়া ট্রাম্পের এমন পোস্টের পর গ্রিনল্যান্ডের নিরাপত্তা বাড়ানো হয়। এর আগে তিনি পানামা খালও দখলের হুমকি দিয়েছিলেন।

এর আগে পদত্যাগের বিষয়ে জাস্টিন ট্রুডো জানান, দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি। নিজের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন। তার সফলতার পেছনে পরিবারের ভূমিকা রয়েছে।