আবার ফুঁসে উঠছে লস অ্যাঞ্জেলেসের দাবানল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ৮ দিন ধরে আতঙ্ক ছড়াচ্ছে দুটি দাবানল। দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন অগ্নিনির্বাপণকর্মীরা। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই দুর্যোগে ওলট-পালট হয়ে গেছে লস অ্যাঞ্জেলেস। এর মধ্যে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগুন আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তিব্রতা অনেক বেশি। আর পরিবেশ খুবই শুষ্ক। এ দুইয়ে মিলে এমন বিশেষ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত ব্যাপক ঝোড়ো হাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাস। এই বাতাস ক্রমেই শক্তিশালী ঝড়ো বাতাস হয়ে উঠতে থাকায় গুরুতর হুমকির মুখে পড়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকা এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টির বাইরের কয়েকটি জায়গা।

কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের আগুন ইতোমধ্যে ওয়াশিংটন ডিসির আয়তনের সমান এলাকা গ্রাস করে ফেলেছে। গুরুতর হুমকির মুখে আছেন প্রায় ৬৫ লাখ মানুষ। দাবানলে মৃতের সংখ্যা এরই মধ্যে ২৫ জনে দাঁড়িয়েছে। প্যালিসেডসের দাবানলে ৯ জন এবং ইটনে ১৬ জনের মৃত্যু হয়েছে।

বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১২ কিলোমিটার হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে অগ্নিনির্বাপণকর্মীরা জানিয়েছেন, এখনও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৮ থেকে ৬৪ কিলোমিটারের মধ্যে রয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম। অঞ্চলটিতে ৯ মাস ধরে উল্লেখযোগ্য কোনো বৃষ্টি হয়নি।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (এনডব্লিউএস) স্থানীয় কার্যালয় জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ৩টায় ১২ ঘণ্টার জন্য বাতাস আবার তীব্র উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

বুধবার এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার লিন্ডসে হোরভাথ বলেন, “আমরা আজকে বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতির কথা পুনরাবৃত্তি করতে চাই। এখনই তৈরি হোন এবং এলাকা ছাড়ার প্রস্তুতি নিন।”