ভারতে গোমূত্রের পর এবার চীনে বিক্রি হচ্ছে বাঘমূত্র!

গোমূত্র খেলে নাকি অনেক রকম রোগই সেরে যায়। করোনাভাইরাস মহামারীর সময় এ নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে রীতিমতো শোরগোল পড়ে যায়। দেশটির সাধারণ নাগরিকও ব্যাপারটা নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। কিন্তু এবার গরু নয়, চীনে বিক্রি হচ্ছে বাঘমূত্র।

সোমবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হংকংভিত্তিক চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী, বোতলে করে বাঘের মূত্র বিক্রি করছে চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানের ইয়ান বিফেংশিয়া ওয়াইল্ডলাইফ জু নামের একটি চিড়িয়াখানা। প্রতিটি বোতলের দাম ৫০ ইউয়ান যা বাংলাদেশি মুদ্রায় ৮৪৭ টাকা। একটি বোতলে থাকছে ২৫০ মিলিলিটার করে মূত্র।

দাবি করা হচ্ছে, বাতজনিত রোগ বা রিউম্যাটিজমের ওষুধ হিসেবে বাঘমূত্র কার্যকরী ভূমিকা পালন করে।

যেভাবে বাঘমূত্র ব্যবহার করতে হবে

ওই চিড়িয়াখানার পরামর্শ, বাঘমূত্রের সঙ্গে একটু হোয়াইট ওয়াইন এবং আদাকুচি মিশিয়ে ব্যথার জায়গায় দিতে হবে। তাহলেই বাতজনিত রোগ থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। এছাড়া, ভুক্তভোগী চাইলে অল্প করে বাঘমূত্র পানও করতে পারেন। তাতেও নাকি ব্যথা কমে যায়।

তবে বাঘমূত্র পান করার পর শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে সতর্ক হতে হবে বলেও জানিয়েছে ওই চিড়িয়াখানা।

ওই ওষুধ তৈরির সঙ্গে যুক্ত এক ব্যক্তি সাউথ চায়না মর্নিং পোস্টকে জানিয়েছে, বাঘেরা যে বেসিনে প্রস্রাব করে, সেখান থেকে প্রথমে মূত্র সংগ্রহ করা হয়। তবে চাইলেই যত ইচ্ছে এই ওষুধ পাওয়া যাবে না। দিনে দুই বোতলের বেশি ওষুধ বিক্রি করা হয় না।