ফিলিস্তিনি কবি ও লেখক মোসাব আবু তোহা পুলিৎজার জিতলেন

ফিলিস্তিনি কবি ও লেখক মোসাব আবু তোহা মন্তব্য প্রতিবেদন ক্যাটাগরিতে ২০২৫ সালের পুলিৎজার পুরস্কার পেয়েছেন। যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্কারে প্রকাশিত তার লেখা নিবন্ধগুলোর জন্য তিনি এই পুরস্কার পান।

সাংবাদিকতা বিভাগে ২০২৫ সালের পুলিৎজার পুরস্কার জিতেছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স।

সোমবার (৫ মে) কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

এ বছর পুলিৎজারে সর্বোচ্চ চারটি বিভাগে পুরস্কার পেয়েছে নিউইয়র্ক টাইমস; ব্যাখ্যামূলক প্রতিবেদন, স্থানীয় প্রতিবেদন, আন্তর্জাতিক প্রতিবেদন এবং ব্রেকিং নিউজ ফটোগ্রাফি। সুদানে সংঘাত নিয়ে প্রকাশিত খবরের জন্য আন্তর্জাতিক বিভাগে পুরস্কার অর্জন করেছে সংবাদমাধ্যমটি। চারটি পুরস্কারের মাধ্যমে নিউইয়র্ক টাইমস এই বছর পুলিৎজারের ১৪টি সাংবাদিকতা ক্যাটাগরিতে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে।

এছাড়া গত বছর নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলির ঘটনার তাৎক্ষণিক কাভারেজের জন্য ব্রেকিং নিউজ বিভাগে পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট।

আর ফেন্টানিল সংকট নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে পুরস্কার জয়ের পর আবু তোহা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “আমি সম্পাদকীয় বিভাগে পুলিৎজার পুরস্কার জিতেছি। এ অর্জন এক আশার আলো। এ থেকে জন্ম হোক এমন এক গল্প; যা বলা হবে বারবার, প্রজন্মের পর প্রজন্ম ধরে।”

কঠোর ভাষায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ করায় ২০২৩ সালে আবু তোহাকে আটক করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। পরে তাকে মিসরে মুক্তি দেওয়া হয়। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন।

যুক্তরাষ্ট্রে এসে দ্য নিউ ইয়র্কারে সেই তিক্ত ও ভয়ংকর অভিজ্ঞতার কথা লিখতে শুরু করেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রে আবু তোহার বসবাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তোহা যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার পর থেকেই ইসরায়েলপন্থি বিভিন্ন গোষ্ঠী তাকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছে। এরই মধ্যে ইসরায়েলবিরোধী অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের কঠোর অবস্থান সেই শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি জানিয়েছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কারণে সম্প্রতি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সেমিনার বাতিল করেছেন।

প্রতিবছর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ঘোষিত হয় পুলিৎজার পুরস্কার। এর জুরি বোর্ডে থাকেন স্বনামধন্য সাংবাদিক ও শিক্ষাবিদরা। পুলিৎজার পুরস্কারের নামকরণ করা হয়েছে হাঙ্গেরীয়-মার্কিন সংবাদপত্র প্রকাশক জোসেফ পুলিৎজারের নামে। সাংবাদিক ও একাডেমিকদের একটি বোর্ড পুরস্কার বিজয়ীদের নির্বাচিত করেন।

পুলিৎজার পুরস্কার ২০২৫ বিজয়ীদের তালিকা

সাংবাদিকতা বিভাগ

পাবলিক সার্ভিস: প্রো পাবলিকা

তদন্তমূলক প্রতিবেদন: রয়টার্স

ব্রেকিং নিউজ: দ্য ওয়াশিংটন পোস্ট

ব্যাখ্যামূলক প্রতিবেদন: আজম আহমেদ, ক্রিস্টিনা গোল্ডবাউম ও ম্যাথিউ আইকিন্স (দ্য নিউইয়র্ক টাইমস)

স্থানীয় প্রতিবেদন: আলিসা ঝু, নিক থিয়েম ও জেসিকা গ্যালাঘার (দ্য বাল্টিমোর ব্যানার ও দ্য নিউইয়র্ক টাইমস)

জাতীয় প্রতিবেদন: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

আন্তর্জাতিক প্রতিবেদন: ডেকলান ওয়ালশ ও দ্য নিউ ইয়র্ক টাইমস

অডিও প্রতিবেদন: দ্য নিউ ইয়র্কার

সম্পাদকীয় লেখা: রাজ মাঙ্কাদ, শ্যারন স্টেইনম্যান, লিসা ফাল্কেনবার্গ ও লিয়া বিনকোভিৎজ (দ্য হিউস্টন ক্রনিকল)

সমালোচনা: আলেক্সান্দ্রা ল্যাঙ্গ (ব্লুমবার্গ সিটিল্যাব)

চিত্রিত প্রতিবেদন ও মন্তব্য: অ্যান টেলনেস (দ্য ওয়াশিংটন পোস্ট)

ব্রেকিং নিউজ ফটোগ্রাফি: ডগ মিলস (দ্য নিউইয়র্ক টাইমস)

ফিচার ফটোগ্রাফি: মোজেস সামান (দ্য নিউ ইয়র্কার)

সাহিত্য বিভাগ

গল্প: পার্সিভাল এভারেট (জেমস)

নাটক: ব্র্যান্ডেন জ্যাকবস-জেনকিন্স (পারপাস)

স্মৃতিকথা: টেসা হালস (ফিডিং গোস্টস)

জীবনী: জেসন রবার্টস (এভরি লিভিং থিং)

ইতিহাস: ক্যাথলিন ডুভাল (নেটিভ নেশনস) ও এড্ডা এল. ফিল্ডস-ব্ল্যাক (কম্বি)

সাধারণ নন-ফিকশন: বেনজামিন নাথানস (টু দ্য সাকসেস অফ আওয়ার হোপলেস কজ)

কবিতা: মেরি হাও (নিউ অ্যান্ড সিলেক্টেড পোয়েমস)

সঙ্গীত: সুসি ইবারা (স্কাই আইল্যান্ডস)

বিশেষ উদ্ধৃতি: চাক স্টোন (মরণোত্তর)