শ্রীলঙ্কায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সামরিক বাহিনীর ছয় সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিমান বাহিনীর এক কর্মকর্তা। হেলিকপ্টারটিতে মোটি ১২ জন আরোহী ছিলেন। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
শুক্রবার (৯ মে) স্থানীয় সময় সকালের দিকে সশস্ত্র বাহিনীর ১২ সদস্যকে নিয়ে বেল ২১২ হেলিকপ্টারটি শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে অবস্থিত মাদুরু ওয়া জলাধারে আছড়ে পড়ে।
প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার বিমান বাহিনীর মুখপাত্র গ্রুপ ক্যাপ্টেন এরান্দা গিগাঙ্গে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই ছয়জনের মৃত্যু হয়।
তিনি জানান, নিহতদের মধ্যে দুইজন বিমান বাহিনীর সদস্য, বাকিরা বিশেষ বাহিনীর। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা বলতে পারেননি তিনি।
মাদুরো ওয়াতে স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুলের পাসিং আউট কুচকাওয়াজের এক বিশেষ প্রদর্শনীর সময় এ দুর্ঘটনাটি ঘটে।
এদিকে, সংবাদমাধ্যম এএফপিকে দেশটির এক সেনা কর্মকর্তা জানান, রাজধানী কলম্বোর পূর্বে মাদুরু ওয়া এলাকায় এক প্রদর্শনী ফ্লাইটে অংশ নিচ্ছিল বেল ২১২ মডেলের হেলিকপ্টারটি। সেখানে “রোপ জাম্প” করার প্রস্তুতি চলছিল। এ সময় হেলিকপ্টারটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে হ্রদে আছড়ে পড়ে।
হেলিকপ্টারটিতে থাকা সেনা সদস্যরা স্পেশাল ফোর্সের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সামরিক কৌশল প্রদর্শন করছিলেন। হেলিকপ্টারটি নির্দিষ্ট উচ্চতায় থেমে থাকে অবস্থায় সেনা সদস্যদের দড়ি বেয়ে নেমে আসার কথা ছিল।
এএফপি প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনার পর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এটি শ্রীলঙ্কা বিমানবাহিনীর সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় দুর্ঘটনা। এর আগে ২০২০ সালের জানুয়ারিতে হাপুতালে এলাকায় চীন নির্মিত ওয়াই ১২ বিমান বিধ্বস্ত হয়ে চারজন ক্রু নিহত হয়েছিলেন।