ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠেছে পাকিস্তানে। দেশটির আবহাওয়া দপ্তর পিএমডির বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ইসলামাবাদপোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার সকাল ১০টা ৮ মিনিটে ৫.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে পাকিস্তানে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল পাকিস্তানের উত্তরপশ্চিমে হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের ২৩০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কম্পণ মূলত অনুভূত হয়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ এবং খাইবার পাখুতনখোয়া রাজ্যে। এছাড়াও অ্যাটক, পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি, উত্তর ওয়াজিরিস্তিানসহ বিভিন্ন জেলায় এর কম্পণ টের পাওয়া গেছে।
তবে তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ভৌগলিকভাবে পাকিস্তানের অবস্থান ভারতীয় ও ইউরাশীয় টেকটোনিক প্লেটের একটি সংযোগস্থলে। তাই এ দুই টেকটোনিক প্লেটের কোনোটি সামান্য অবস্থান পরিবর্তন করলেই ভূমিকম্প হয় দেশটিতে।
এর আগে ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে ৭.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে প্রাণ হারিয়েছিলেন প্রায় ৪০০ জন।
এদিকে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। গত বুধবার থেকে টানা তিন দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী এই দুই দেশ।
এর আগে গত ২৮ মার্চ মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে মিয়ানমারে ৩ হাজারের অধিক মানুষ মারা যায় এবং প্রায় ৫ হাজার মানুষ আহত হন।