ক্যানসারে আক্রান্ত জো বাইডেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেহে “আগ্রাসী” ধরনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছে, যা ইতোমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে।

রবিবার (১৮ মে) তার কার্যালয় এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার ৮২ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর শুক্রবার তার প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়।

বাইডেনের ক্যানসার বেশ আগ্রাসী ধরনের। তার গ্লিসন স্কোর ১০-এর মধ্যে ৯। গ্লিসন স্কোর প্রোস্টেট ক্যানসারের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মাত্রা বোঝাতে ব্যবহৃত হয়। এই স্কোর ক্যানসারের কোষের আকার, গঠন ও ছড়ানোর ধরন দেখে নির্ধারণ করা হয়। ক্যানসার কতটা আক্রমণাত্মক বা তীব্র এবং কেমন চিকিৎসা প্রয়োজন হতে পারে, তা এই স্কোর থেকে জানা যায়।

যুক্তরাজ্যের বৃহত্তম ক্যানসার গবেষণা ও তহবিল সংস্থা ক্যানসার রিসার্চ ইউকের মতে, এ ধরনের ক্যানসার “উচ্চ-গ্রেড” হিসেবে বিবেচিত হয়। এটা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

বাইডেনের চেয়ে মাত্র চার বছরের ছোট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই বাইডেনের বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে বিদ্রূপ করে এলেও এই খবরে দুঃখ প্রকাশ করেছেন।

ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জো বাইডেনের সাম্প্রতিক রোগনির্ণয়-সংক্রান্ত খবর শুনে গভীরভাবে মর্মাহত।

ট্রাম্প বলেন, “আমরা জিল ও তার পরিবারকে আমাদের আন্তরিক শুভকামনা জানাচ্ছি। আমরা জো–র দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি।”

বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এক্স-এ পোস্ট করে বলেন, “জো একজন লড়াকু মানুষ।”

বাইডেন গত বছরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালে কমলা হ্যারিস ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হন। তিনি আরও লেখেন, “আমি জানি, তিনি তার জীবন ও নেতৃত্বের চিরচেনা শক্তি, সহনশীলতা ও আশাবাদ দিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করবেন। আমরা তার সম্পূর্ণ ও দ্রুত সুস্থতার ব্যাপারে আশাবাদী।”

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এক পোস্টে বাইডেনের জন্য আশীর্বাদ ও শুভকামনা জানিয়েছেন। তিনি বলেন, “সব ধরনের ক্যানসারের চিকিৎসায় অগ্রগতির জন্য জোর চেয়ে বেশি উদ্যোগ আর কেউ নেয়নি। আমি নিশ্চিত, নিজের স্বভাবসিদ্ধ অটলতা ও সম্মানবোধ নিয়ে তিনি এই রোগের বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাবেন।”

যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) মতে, প্রতি ১০০ পুরুষের মধ্যে ১৩ জন জীবনের কোনো না কোনো সময় প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হবেন। সিডিসি বলছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রোস্টেট ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়ে।