ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের

যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টা পরই ইরান থেকে আবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই অভিযোগ করেছেন। একইসঙ্গে ইরান যুদ্ধবিরতির শর্ত ভাঙায় তেহরানকে কঠোর জবাব দেওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ জুন) এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইসরায়েলের অভিযোগ, ইরান যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে। কাটজ এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দিতে এবং তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানি সরকারঘনিষ্ঠ লক্ষ্যে তীব্র হামলা চালাতে।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরান থেকে উৎক্ষেপণ করা কতগুলো ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তারা বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা “হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে”। সবাইকে আশ্রয়কেন্দ্রে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলেছে তারা।

তবে এখনও পর্যন্ত ইরান হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “ইসরায়েল যদি হামলা বন্ধ করে, তাহলেই ইরান প্রতিক্রিয়া বা পাল্টা হামলা বন্ধ রাখবে”।