তালেবান সরকারকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিল রাশিয়া

আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের কূটনৈতিক পরিচয়পত্র গ্রহণ করার মধ্য দিয়ে রাশিয়া তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হয়ে উঠেছে।

শুক্রবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির পার্সিয়ান সার্ভিসের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আমরা বিশ্বাস করি, ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে আমাদের দেশগুলোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতার বিকাশ গতিশীল হবে।

গত বছরের শেষের দিকে রাশিয়ার পার্লামেন্ট তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার একটি আইনের পক্ষে ভোট দেয়, যা রাশিয়ার নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকেও বাদ দেবে।

রাশিয়ার এই পদক্ষেপ এমন এক সময়ে এসেছে যখন পশ্চিমা কূটনীতিকরা স্পষ্ট করে দিয়েছেন যে তালেবান সরকার নারী অধিকারকে সম্মান না করা পর্যন্ত তাদের স্বীকৃতি দেওয়ার পথ বন্ধ থাকবে।

কাবুলে রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে এক বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, ‘এ সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে। ওই বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত হয়েছে।

আমির খান মুত্তাকি আরও বলেন, ‘‘এখন যেহেতু স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে, রাশিয়াই সবার আগে এগিয়ে গেল।’’