রাশিয়ায় ক্রু ও যাত্রীসহ ৪৯ আরোহীকে নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে বিমানে থাকা সকল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশটির স্থানীয় জরুরি পরিষেবা জানিয়েছে দেশটির সুদূর প্রাচ্যে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি যে গন্তব্যে যাওয়ার জন্য উড্ডয়ন করেছিল, তার দক্ষিণে একটি পাহাড়ের কাছে বিমানটির একটি জ্বলন্ত অংশ খুঁজে পাওয়া গেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত দুর্ঘটনার একটি ছবিতে দেখা যায়, বনের মধ্যে বিমানটির ধ্বংসাবশেষ থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে।
এর আগে বৃহস্পতিবার সকালে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এতে ৪০ থেকে ৫০ জন আরোহী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিমানটি সাইবেরিয়া-ভিত্তিক এয়ারলাইন্স আঙ্গারা পরিচালনা করছিল এবং চীন সীমান্তবর্তী টাইন্দা শহরের দিকে যাচ্ছিল।
জরুরি পরিষেবার বরাত দিয়ে রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানটিতে প্রাথমিক বিমান পরিদর্শনে দেখা গেছে যে কেউ বেঁচে নেই। ওই এলাকায় আবহাওয়া খারাপ ছিল।
দূরপ্রাচ্যের পরিবহন প্রসিকিউটরের অফিস জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি টিন্ডা থেকে ১৫ কিলোমিটার (৯ মাইল) দক্ষিণে অবস্থিত।
চীনের সীমান্তবর্তী অঞ্চল আমুরের গভর্নর ভাসিলি অর্লভ জানিয়েছেন, বিমানটিতে ৪৩ যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচটি শিশুও রয়েছে। এছাড়াও ছয় ক্রু সদস্য ছিলেন আকাশযানটিতে।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বিমানটির খোঁজে প্রয়োজনীয় সব বাহিনী নিয়োগ করাসহ যন্ত্রপাতিও প্রস্তুত রয়েছে।
এখনও দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি কিংবা যোগাযোগ ব্যবস্থার কোনো সমস্যার কারণে এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।