সাপের কামড়ে শিশুর মৃত্যুর খবর আমরা প্রায়ই পাই। কিন্তু শিশুর কামড়ে সাপের মৃত্যু! ভারতের বিহার রাজ্যে একটি বিষাক্ত গোখরা সাপকে কামড়ে মেরে ফেরেছে এক বছরের শিশু। শিশুটির নাম গোবিন্দ কুমার। শিশুটি সাময়িক অসুস্থ হয়ে পড়লেও বর্তমানে সুস্থ আছে।
গত ২৪ জুলাই বিহারের বেতিয়া জেলায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, গোবিন্দর বাড়ি বেতিয়া জেলার একটি গ্রামে। বাড়িতে খেলনা নিয়ে বসে খেলছিল সে। সেই সময়ই তার কাছাকাছি এসে পড়ে দু'ফুট লম্বা একটি গোখরা সাপ। ছোট্ট হাতে সাপটিকে তুলে নেয় গোবিন্দ। আর তারপর কামড় বসিয়ে দেয় সাপের শরীরে।
হালকা করে কামড় নয়, শক্ত করে সাপটিকে কামড়ে ধরে গোবিন্দ। চিবাতে শুরু করে সাপটিকে। এক সময় সাপটি শিশুর কামড়ে দু’টুকরা হয়ে যায়।
গোবিন্দর নানি মাতেশ্বরী দেবী সবার আগে সাপ হাতে গোবিন্দকে দেখতে পান। তার চিৎকার শুনে অন্যরা ছুটে আসেন।
মাতেশ্বরী সংবাদমাধ্যমকে বলেন, “বাচ্চার হাতে সাপ দেখে চমকে উঠি। তড়িঘড়ি করে ছুটে যাই। কিন্তু ততক্ষণে সাপটিকে কামড়ে টুকরা করে দিয়েছে। সামনে মরে পড়েছিল সাপটি।”
তিনি বলেন, “ওর মা তখন ঘরের পিছন দিকে কাজ করছিল। চুলা জ্বালানোর কাঠ গুছিয়ে রাখছিল সে। পাশেই খেলছিল গোবিন্দ। তখনই সাপটা বেরিয়ে আসে।”
তিনি আরও বলেন, “দাঁত দিয়ে সাপটাকে কামড় দেওয়ার পর কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল গোবিন্দ। তাকে আমরা প্রথমে মঞ্ঝোলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে তাকে বেতিয়া হাসপাতালে নিয়ে যাই। এখন বাচ্চা সুস্থ আছে।”
সাপটিকে কামড়ে টুকরা করে ফেলার পর গোবিন্দও অজ্ঞান হয়ে যায়। বাড়ির লোকজন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় তাকে। সেখান থেকে গোবিন্দকে বেতিয়ার সরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
গোবিন্দ সাপকে কামড়ে মেরে ফেলেছে শুনে হতবাক হয়ে যান চিকিৎসকরাও। এই ঘটনাকে “বিরল” বলছেন তারা।
চিকিৎসকরা জানিয়েছেন, সাপটির মাথায় কামড় বসিয়েছিল গোবিন্দ। ফলে তৎক্ষণাৎ মারা যায় সাপটি। আর সাপের গায়ে কামড় বসানোর পর অজ্ঞান হয়ে যায় গোবিন্দ। এসময় শিশুর শরীরে সামান্য সাপের বিষ প্রবেশ করে। তবে সেটি গুরুতর কিছু না। বিষের প্রভাবে শিশুটি অল্প সময়ের জন্য অজ্ঞান হয়ে যায়। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন সে সুস্থ। তাকে পর্যবেক্ষণে রাখা রয়েছে।
পরিবারের লোকজন জানিয়েছে, লাগাতার বৃষ্টির কারণে তাদের বাড়িতে ঢুকে পড়ে সাপটি। এরপর গোবিন্দর কাছাকাছি পৌঁছে যায়, আর তারপরই ওই ঘটনা ঘটে।
জানা গেছে, বিহারের পশ্চিম চম্পারন জেলার এক ছোট গ্রাম মোহছি বনকাটোয়ার বাসিন্দা গোবিন্দর পরিবার। তার বাবা সুনীল সাহা গ্রামে ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করেন।