এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত ১৯৫ প্রার্থীকে নতুন প্রতিষ্ঠানে বদলি

ষষ্ঠ ও সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় সুপারিশ পাওয়া ১৯৫ প্রার্থীকে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিস্থাপন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনটিআরসিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিস্থাপন করা প্রার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে এসএমএসের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। প্রার্থীদের নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও যোগদানের তারিখ নিয়োগ সুপারিশপত্রে উল্লেখ থাকবে। 

যেভাবে সুপারিশপত্র পাবেন

সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির (বিশেষ) আওতায় প্রতিস্থাপন হওয়া প্রার্থীদের এনটিআরসিএ অথবা টেলিটকের ওয়েবসাইটে গিয়ে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করতে হবে।

আর ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় প্রতিস্থাপন করা প্রার্থীদের নিজেদের ই-মেইল থেকে সুপারিশপত্র ডাউনলোড করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সুপারিশপত্রে উল্লেখ করা শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত সময়ের মধ্যে যোগ দিতে হবে প্রার্থীদের।