১৮তম সহকারী জজ নিয়োগ পরীক্ষা (বিজেএস) ২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ২০০ জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রার্থী অসত্য তথ্য দিলে, তথ্য গোপন করলে, যোগ্যতার কোনো ঘাটতি থাকলে কিংবা আবেদনপত্রে কোনো ধরনের অসংগতি বা গরমিল পাওয়া গেলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রার্থীদের উপস্থিতির স্থান, তারিখ ও সময় নির্ধারণ করে যথাসময়ে দৈনিক পত্রিকা, কমিশনের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
স্বাস্থ্য পরীক্ষায় কোনো প্রার্থী অযোগ্য ঘোষিত হলে অথবা প্রাক্-পরিচয় যাচাই (পুলিশ ভেরিফিকেশন) প্রতিবেদনে কোনো প্রার্থীর বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে তার মনোনয়ন বাতিল হবে। এই সাময়িক মনোনয়ন কোনো প্রার্থীর নিয়োগ পাওয়ার অধিকার সৃষ্টি করে না।
এছাড়া প্রকাশিত ফলে কোনো ত্রুটি পাওয়া গেলে বা যুক্তিসংগত কারণে প্রয়োজন হলে ফল পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন বা পুনর্নির্ধারণের ক্ষমতা কমিশন সংরক্ষণ করে।