যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি ও বিদেশি কর্মীদের নিয়োগসংক্রান্ত নিয়মে পরিবর্তন আসায় নতুন করে ভাবতে হচ্ছে তথ্যপ্রযুক্তি (আইটি) পেশাজীবীদের। ভিসা প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেকেই এখন যুক্তরাষ্ট্রের বাইরে বিকল্প দেশে ক্যারিয়ার গড়ার সুযোগ খুঁজছেন।
সম্প্রতি মাইক্রোসফট, ইনফোসিস, উইপ্রো ও টাটাসহ আটটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে ফেডারেল শ্রম সনদ কর্মসূচি থেকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, শ্রমমন্ত্রী কিথ সন্ডারলিং এবং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের তত্ত্বাবধানে গঠিত অ্যান্টি-ফ্রড টাস্কফোর্স এ পদক্ষেপ নিয়েছে। এর ফলে সংশ্লিষ্ট কর্মীদের গ্রিন কার্ড পাওয়ার পথ সংকুচিত হয়েছে।
এ পরিস্থিতিতে সফটওয়্যার ডেভেলপার, প্রোগ্রামার ও অন্যান্য আইটি বিশেষজ্ঞদের জন্য ইউরোপ, এশিয়া-প্যাসিফিক ও মধ্যপ্রাচ্যের আটটি দেশ বিকল্প গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে দেশগুলোর ভিসা ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরা হয়েছে।
অস্ট্রেলিয়া
দক্ষ পেশাজীবীদের জন্য অস্ট্রেলিয়ায় মূলত দুটি অভিবাসনপথ রয়েছে - নিয়োগকর্তার স্পনসরশিপে ভিসা এবং পয়েন্টভিত্তিক দক্ষ অভিবাসন। বয়স, ইংরেজি ভাষায় দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে পয়েন্ট নির্ধারণ করা হয়। তবে ন্যূনতম পয়েন্ট অর্জন করলেই ভিসা নিশ্চিত হয় না। এজন্য দক্ষতার মূল্যায়ন এবং আবেদনের আমন্ত্রণ পাওয়ার শর্তও পূরণ করতে হয়।
কানাডা
কানাডার এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থার মাধ্যমে দক্ষ পেশাজীবীরা স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন। বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষতার ভিত্তিতে প্রার্থীদের সিআরএস (কম্প্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেম) স্কোর দেওয়া হয়। এই স্কোরের প্রতিযোগিতায় ভালো অবস্থানে থাকলে স্থায়ী বসবাসের আবেদনের আমন্ত্রণ পাওয়ার সুযোগ তৈরি হয়।
জার্মানি
যোগ্যতা ও নির্ধারিত বেতনের শর্ত পূরণ করলে জার্মানির ইইউ ব্লু কার্ড প্রযুক্তি পেশাজীবীদের জন্য একটি সম্ভাবনাময় সুযোগ। প্রচলিত বিশ্ববিদ্যালয় ডিগ্রি না থাকলেও পর্যাপ্ত পেশাগত অভিজ্ঞতা এবং নির্দিষ্ট বেতনের চাকরির চুক্তি থাকলে অনেক আইটি বিশেষজ্ঞ এ ভিসার জন্য যোগ্য হতে পারেন।
আয়ারল্যান্ড
বিশেষায়িত দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের আকৃষ্ট করতে আয়ারল্যান্ড চালু করেছে ক্রিটিক্যাল স্কিলস এমপ্লয়মেন্ট পারমিট। সফটওয়্যার ডেভেলপার ও প্রোগ্রামারদের মতো পেশাজীবীরা এ ক্ষেত্রে অগ্রাধিকার পান। তবে আবেদনকারীদের নির্ধারিত বেতনসীমা, যোগ্যতা এবং চাকরির চুক্তিসংক্রান্ত শর্ত পূরণ করতে হয়।
নেদারল্যান্ডস
উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য নেদারল্যান্ডসে বিশেষ রেসিডেন্স পারমিটের ব্যবস্থা রয়েছে। এ ভিসার জন্য নিয়োগকর্তা প্রতিষ্ঠানকে ডাচ অভিবাসন দপ্তর (আইএনডি) অনুমোদিত স্পনসর হতে হয়। পাশাপাশি আবেদনকারীকে নির্ধারিত আয়ের শর্ত পূরণ করতে হবে।
সিঙ্গাপুর
বিদেশি পেশাজীবী ও ব্যবস্থাপকদের জন্য সিঙ্গাপুরে রয়েছে এমপ্লয়মেন্ট পাস। এ পাস পেতে নির্ধারিত বেতনের শর্ত পূরণের পাশাপাশি কম্পাস (কমপ্লিমেন্টারিটি অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক) মূল্যায়নে উত্তীর্ণ হতে হয়। এ মূল্যায়নে আবেদনকারীর যোগ্যতা, বেতন এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মী কাঠামো বিবেচনা করা হয়।
সংযুক্ত আরব আমিরাত (ইউএই)
প্রযুক্তি খাতের পেশাজীবীদের জন্য সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থানভিত্তিক ভিসার পাশাপাশি দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ রয়েছে। তবে ওয়ার্ক পারমিট ও রেসিডেন্স ভিসার নিয়মকানুন আলাদা। তাই চাকরির প্রস্তাব গ্রহণের আগে ভিসার মেয়াদ এবং প্রতিষ্ঠান পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো জেনে নেওয়া জরুরি।
যুক্তরাজ্য
যুক্তরাজ্যের স্কিলড ওয়ার্কার ভিসার মাধ্যমে অনুমোদিত প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাওয়া যায়। এজন্য অনুমোদিত প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব, স্পনসরশিপ সনদ, নির্ধারিত বেতন এবং ইংরেজি ভাষায় দক্ষতার শর্ত পূরণ করতে হয়।