ঘুম, বিপাকক্রিয়া, শরীরে শক্তির মাত্রা ও প্রজননস্বাস্থ্য - শরীরের নানা প্রক্রিয়াই হরমোনের সঙ্গে সম্পর্কিত। মানসিক সুস্থতার ওপরও এর প্রভাব রয়েছে। তাই শরীর সুস্থ রাখতে হরমোনের ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ।
জীবনযাপনে ছোট ছোট পরিবর্তন নিয়মিত অনুসরণ করলে হরমোনের ভারসাম্য বজায় রাখা যায়। প্রতিদিনের এমন খুবই সাধারণ সাতটি অভ্যাস রয়েছে যা হরমোনের ভারসাম্য ভালো রাখতে পারে। চলুন জেনে নেওয়া যাক এই অভ্যাসগুলো সম্পর্কে -
পর্যাপ্ত ঘুম
ঘুমের সময় শরীর নিজেকে মেরামত ও পুনর্গঠনের সুযোগ পায়। এ সময় কর্টিসল, ইনসুলিন ও প্রজননসম্পর্কিত হরমোনসহ বিভিন্ন হরমোনের কার্যক্রমও নিয়ন্ত্রিত হয়। তাই প্রাপ্তবয়স্কদের নিয়মিত রাতে সাত থেকে আট ঘণ্টা ঘুমানোর চেষ্টা করা উচিত।
খাবারে রাখুন পুষ্টির ভারসাম্য
হরমোন তৈরির জন্য শরীরের প্রয়োজন বিভিন্ন ধরনের পুষ্টি। তাই খাবারের তালিকায় পূর্ণ শস্য, চর্বিহীন প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ফল ও শাকসবজি রাখা ভালো। পাশাপাশি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার বিপাকক্রিয়া ও প্রজননস্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করতে পারে। এসব খাবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।
মানসিক চাপ নিয়ন্ত্রণ
দীর্ঘদিনের মানসিক চাপ শরীরে কর্টিসলের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এর প্রভাব পড়তে পারে হরমোনের স্বাভাবিক কার্যক্রমেও। বিশেষ করে ডিম্বস্ফুটন ও মাসিকের নিয়মিততা ব্যাহত হতে পারে। মানসিক চাপ কমাতে নিয়মিত হাঁটা, ধ্যান, গভীর শ্বাসের অনুশীলন কিংবা পছন্দের কোনো কাজে সময় দেওয়া যেতে পারে।
নিয়মিত শরীরচর্চা
শরীরচর্চা শুধু ওজন নিয়ন্ত্রণেই সাহায্য করে না, হরমোনের স্বাভাবিক কার্যক্রমও বজায় রাখতে সহায়তা করে। নিয়মিত ব্যায়াম ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং স্বাস্থ্যকর ওজন ধরে রাখতে সাহায্য করে। দ্রুত হাঁটা, যোগব্যায়াম, সাঁতার কিংবা শক্তিবর্ধক ব্যায়ামের মতো মাঝারি মাত্রার শরীরচর্চা দীর্ঘমেয়াদে উপকারী।
শরীরের অস্বাভাবিক সংকেতকে গুরুত্ব দিন
মাসিক অনিয়মিত হওয়া, অতিরিক্ত ব্রণ, দীর্ঘদিন অকারণে ক্লান্ত লাগা, হঠাৎ ওজন বেড়ে বা কমে যাওয়া কিংবা অস্বাভাবিক চুল পড়ার মতো বিষয়গুলোকে সবসময় স্বাভাবিক ধরে নেওয়া ঠিক নয়। এসব উপসর্গ শরীরে হরমোনসম্পর্কিত কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই এ ধরনের পরিবর্তন দীর্ঘদিন থাকলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন
স্বাস্থ্যকর ওজন বজায় রাখা
শরীরের ওজন খুব কম হওয়া যেমন সমস্যা তৈরি করতে পারে, তেমনি অতিরিক্ত ওজনও হরমোনের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। তাই দ্রুত ওজন কমানোর জন্য কঠোর ডায়েটের বদলে টেকসই খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে স্বাস্থ্যকর ওজন ধরে রাখার চেষ্টা করা ভালো।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে হরমোনের ভারসাম্যহীনতা, থাইরয়েডের সমস্যা, ভিটামিনের ঘাটতি বা বিপাকক্রিয়াজনিত বিভিন্ন সমস্যা প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা সম্ভব। ফলে প্রয়োজন হলে দ্রুত চিকিৎসা নেওয়ার সুযোগ তৈরি হয়। নিজের শারীরিক অবস্থার বিষয়ে সচেতন থাকতেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা গুরুত্বপূর্ণ।
হেলদি এসেনশিয়াল ক্লিনিকের তথ্য অনুযায়ী, হরমোনের ভারসাম্য ভালো রাখতে পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার, নিয়মিত শরীরচর্চা, মানসিক চাপ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যকর ওজন বজায় রাখার মতো অভ্যাসগুলো দৈনন্দিন জীবনে ধরে রাখা জরুরি।