চোখের সামনে ধোঁয়াটে বা কালো ছায়া নেমে আসা, স্পষ্ট লেখাও ঝাপসা মনে হওয়া কিংবা সোজাসুজি দেখতে অসুবিধা হওয়া মোটেও অবহেলা করার মতো বিষয় নয়। এটা চোখের একটি বিশেষ রোগের কারণে হয়। রোগটির নাম সেন্ট্রাল সেরাস কোরিও রেটিনোপ্যাথি অথবা সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি (সংক্ষেপে সিএসসিআর বা সিএসআর)।
সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি
চোখে দেখার পর্দা বা রেটিনার একটি কেন্দ্রবিন্দু আছে, যা অতি সংবেদনশীল ‘ম্যাকুলা’ নামে পরিচিত। মাঝের আরও ছোট্ট সংবেদনশীল অংশটি হলো ‘ফোভিয়া’। যেকোনো বস্তু পরিষ্কার দেখার জন্য চোখের এই অংশ ভালো থাকা খুব দরকার। আমরা যা দেখি, তার আকৃতি-প্রকৃতি, রং ইত্যাদি নির্ধারণ করে এই অংশ, যা ‘কোন’ নামের এক বিশেষ কোষ নিয়ে তৈরি।
চোখের এই সংবেদনশীল অংশের আশপাশে অনেক রক্তবাহী শিরা আছে। এই শিরা থেকে যদি রক্তের জলীয় অংশ কোনোভাবে লিক করে কোষে জমা হতে থাকে, তখন দৃষ্টি ঝাপসা হওয়া শুরু হয়। তখন ‘ম্যাকুলা’ অংশের কোষ ফুলে ওঠে, রেটিনা থেকে উঠে আসে আর দৃষ্টি সমস্যা দেখা দেয়।
সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কী কী লক্ষণ দেখা দেয়?
- সেন্ট্রাল সিরাস কোরিয়োরেটিনোপ্যাথি হলে চোখের দৃষ্টি ঝাপসা হতে থাকে। দূরের দৃশ্য দেখতেও সমস্যা হয়।
- চোখের সামনে কালো বা ধূসর গোল গোল স্পটের মতো ফুটে ওঠে।
- সোজা রেখা বাঁকা, অসমান মনে হয়। কোনও বস্তু বা প্রাণীর আকার বিকৃত দেখায়।
- যে কোনও বস্তু তার প্রকৃত আকারের চেয়ে অনেক ছোট দেখায় এবং স্বাভাবিকের চেয়ে অনেক দূরে রয়েছে বলে মনে হয়।
- উজ্জ্বল বা সাদা রং ফ্যাকাশে, অনুজ্জ্বল মনে হয়। রং চিনতেও সমস্যা হয় কোনও কোনও ক্ষেত্রে।
- কম আলোয় দেখতে সমস্যা হয়, লেখা পড়তেও কষ্ট হয়।
কেন হয়?
রোগটা কেন হয়, তার প্রাথমিক কারণ জানা যায়নি। তবে আনুষঙ্গিক কিছু কারণ বা ঝুঁকি আছে। যেমন -
- হঠাৎ অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা বা অতিরিক্ত পরিশ্রম, অনিদ্রা
- দীর্ঘদিন নিয়মিত বা অনিয়মিতভাবে স্টেরয়েড ওষুধ সেবন
- অতিরিক্ত ধূমপান বা মদ্যপান
- ডায়াবেটিস
কারা সাবধান হবেন?
- ডায়াবিটিস অনিয়ন্ত্রিত হলে চোখের এই সমস্যা দেখা দিতে পারে।
- স্টেরয়েড জাতীয় ওষুধ যারা বেশি খান অথবা যাদের স্টেরয়েড ইনহেলার বা ইঞ্জেকশন নিতে হয়, তাদের রেটিনার রোগ হওয়ার ঝুঁকি বেশি।
- অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ বা দুশ্চিন্তা থেকেও চোখের উপর চাপ বাড়ে, তা থেকে এই রোগ হতে পারে।
- চোখের ক্লান্তিও একটি কারণ হতে পারে। টানা মোবাইল বা ল্যাপটপের দিকে তাকিয়ে থাকলে চোখের উপর চাপ বাড়ে।
- স্লিপ অ্যাপনিয়া থাকলে, উচ্চ রক্তচাপের ওষুধ বেশি খেলে, মানসিক রোগের ওষুধ অতিরিক্ত খেলেও এই রোগের ঝুঁকি বাড়তে পারে।