রান্নার জন্য পেঁয়াজ কাটতে গিয়ে চোখে পানি আসার অভিজ্ঞতা কমবেশি সবারই আছে। পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালাপোড়া করে, শুরু হয় পানি পড়া। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, পেঁয়াজের মধ্যে এমন কী আছে, যা কাটার সঙ্গে সঙ্গেই চোখে পানি এনে দেয়?
এর পেছনে রয়েছে পেঁয়াজের ভেতরে থাকা সালফারযুক্ত যৌগ এবং একধরনের রাসায়নিক বিক্রিয়া। পেঁয়াজ কাটার সময় এর কোষগুলো ভেঙে যায়। ফলে কোষের ভেতরে থাকা বিভিন্ন উপাদান একে অপরের সংস্পর্শে আসে।
এ সময় অ্যালিনেজ (Alliinase) নামের একটি এনজাইম সালফারযুক্ত যৌগের সঙ্গে বিক্রিয়া করে। এই বিক্রিয়ার ফলে তৈরি হয় সিন-প্রোপেনেথিয়াল-এস-অক্সাইড (Syn-propanethial-S-oxide) নামের একধরনের উদ্বায়ী রাসায়নিক পদার্থ। একে বলা হয় ল্যাক্রিমেটরি ফ্যাক্টর বা অশ্রু সৃষ্টিকারী উপাদান।
পদার্থটি গ্যাসের মতো বাতাসে ছড়িয়ে পড়ে এবং চোখে পৌঁছায়। এতে চোখের সংবেদনশীল স্নায়ু উত্তেজিত হয়। ফলে চোখে জ্বালাপোড়া শুরু হয় এবং চোখ নিজেকে রক্ষা করতে অতিরিক্ত পানি তৈরি করে। এ কারণেই পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে পানি পড়ে।
পেঁয়াজ কাটলে চোখে পানি কমানোর উপায়
পেঁয়াজ কাটার সময় চোখে পানি পড়া কিছুটা কমানো সম্ভব। এ জন্য কয়েকটি বিষয় মেনে চলতে পারেন।
- ফ্রিজে রাখুন: পেঁয়াজ কাটার আগে কিছুক্ষণ ফ্রিজে রাখলে রাসায়নিক পদার্থের বাষ্পীভবন কমতে পারে।
- ধারালো ছুরি ব্যবহার করুন: ধারালো ছুরি দিয়ে কাটলে পেঁয়াজের কোষ কম ক্ষতিগ্রস্ত হয়।
- বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন: ফ্যান বা বাতাস চলাচল করে এমন জায়গায় পেঁয়াজ কাটলে ঝাঁজালো গ্যাস চোখে কম পৌঁছাতে পারে।
পেঁয়াজ কাটার সময় চোখে পানি আসা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। বরং চোখে পৌঁছানো বিরক্তিকর রাসায়নিক পদার্থ দূর করতে শরীরের স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া এটি।