কখনো কি মনে হয়েছে, আপনি কোথাও গেলে সবার নজর আপনার ওপর থাকে? সামান্য ভুল করলেও মনে হয়, আশপাশের সবাই তা দেখেছেন। এমনকি পরে বাড়ি ফিরে ঘটনাটি নিয়ে বারবার ভাবতে থাকেন। অথচ অন্যদের কাছে বিষয়টি হয়তো ততটা গুরুত্বপূর্ণই নয়।
ধরুন, কোনো অনুষ্ঠানে নতুন পোশাক পরে গেলেন। চুলের সাজেও এনেছেন কিছুটা পরিবর্তন। সেখানে পৌঁছানোর পর মনে হলো, সবাই আপনার দিকে তাকিয়ে আছে। কেউ হয়তো পোশাক নিয়ে হাসছেন, কেউ আবার আপনার চেহারা বা সাজসজ্জা বিচার করছেন। অথচ উপস্থিত অন্যরা হয়তো নিজেদের কথাবার্তা ও কাজ নিয়েই ব্যস্ত।
আবার রাস্তায় হাঁটতে গিয়ে হোঁচট খেলেন। ঘটনাটি হয়তো কয়েক মুহূর্তের, কিন্তু বাড়ি ফেরার পরও সেটি মাথা থেকে সরছে না। বারবার মনে হচ্ছে, আশপাশের সবাই নিশ্চয়ই আপনাকে নিয়ে আলোচনা করছেন। এমনকি যারা ঘটনাটি দেখেছেন, তারাও হয়তো সেটি মনে রেখেছেন।
নিজের চেহারা, পোশাক, আচরণ কিংবা ছোটখাটো ভুল নিয়ে অন্যরা কী ভাবছেন, তা নিয়ে এমন অতিরিক্ত চিন্তা অনেকের মধ্যেই দেখা যায়।
ভারতের বিশাখাপত্তনমের সরকারি মানসিক স্বাস্থ্য হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. সুমনা কোল বলেছেন, মনোবিজ্ঞানে এই প্রবণতা ‘স্পটলাইট ইফেক্ট’ নামে পরিচিত।
স্পটলাইট ইফেক্ট কী?
স্পটলাইট ইফেক্ট হলো একধরনের ‘কগনিটিভ বায়াস’। এর কারণে আমরা মনে করি, অন্যরা আমাদের চেহারা, পোশাক, আচরণ কিংবা ভুল যতটা মনোযোগ দিয়ে লক্ষ করছেন, বাস্তবে হয়তো ততটা করে না।
সহজভাবে বললে, নিজের প্রতি অন্যদের মনোযোগের পরিমাণ আমরা অনেক সময় অতিরিক্ত অনুমান করি। নিজের কাছে যে ঘটনা খুব গুরুত্বপূর্ণ বা বিব্রতকর মনে হয়, অন্যরাও সেটিকে সমান গুরুত্ব দিচ্ছেন বলে ধরে নিই।
যেমন- কোনো অনুষ্ঠানে কারও সঙ্গে কথা বলতে গিয়ে একটি শব্দ ভুল বললেন। এরপর হয়তো পুরো সময়টাই ভাবতে থাকলেন, উপস্থিত সবাই বিষয়টি লক্ষ করেছেন। তারা হয়তো আপনার ভুল নিয়ে হাসছেন কিংবা আপনাকে নিয়ে নেতিবাচক ধারণা করছেন। অথচ অন্যরা হয়তো বিষয়টি খেয়ালই করেননি। কেউ খেয়াল করলেও কয়েক মুহূর্তের মধ্যেই ভুলে যেতে পারেন।
গবেষণায় কী পাওয়া গেছে?
স্পটলাইট ইফেক্ট নিয়ে ২০০০ সালে একটি গবেষণা করেন মনোবিজ্ঞানী থমাস গিলোভিচ, ভিক্টোরিয়া মেডভেক ও কেনেথ স্যাভিটস্কি। গবেষণায় অংশগ্রহণকারীদের নিজেদের পোশাকের প্রতি অন্যরা কতটা মনোযোগ দেবেন, তা অনুমান করতে বলা হয়েছিল। দেখা যায়, তারা নিজেদের পোশাকের প্রতি অন্যদের মনোযোগের পরিমাণ বাস্তবের তুলনায় বেশি অনুমান করেছিলেন।
অর্থাৎ, নিজের উপস্থিতি বা পোশাক নিয়ে একজন মানুষ যতটা সচেতন থাকেন, অন্যরাও তাকে নিয়ে ততটা ভাবছেন - এমনটা নাও হতে পারে।
কেন এমন মনে হয়?
ডা. সুমনা কোল-এর মতে, স্পটলাইট ইফেক্টের পেছনে কয়েকটি মনস্তাত্ত্বিক কারণ কাজ করে। যেমন -
নিজের প্রতি অতিরিক্ত সচেতনতা: আমরা নিজেদের চিন্তা, অনুভূতি ও অভিজ্ঞতা সম্পর্কে সবচেয়ে বেশি সচেতন। নিজের কাছে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ কিংবা কোন ঘটনায় বিব্রত বোধ করছি, তা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। ফলে নিজের অনুভূতিকেই অন্যদের অনুভূতির সঙ্গে মিলিয়ে ফেলি। মনে করি, অন্যরাও বিষয়টিকে আমাদের মতো করেই দেখছেন।
বিব্রতকর ঘটনাকে বেশি গুরুত্ব দেওয়া: কোনো ভুল বা অস্বস্তিকর ঘটনা ঘটলে সেটি আমাদের মনে দীর্ঘ সময় প্রভাব ফেলতে পারে। যেমন, সবার সামনে কথা বলতে গিয়ে আটকে যাওয়া কিংবা হাঁটতে গিয়ে পড়ে যাওয়া। নিজের কাছে ঘটনাটি যতটা বড় মনে হয়, অন্যরাও সেটিকে একই গুরুত্ব দিচ্ছেন বলে মনে হতে থাকে।
অন্যের চিন্তা সম্পর্কে অনিশ্চয়তা: অন্যরা আমাদের সম্পর্কে কী ভাবছেন, তা আমরা নিশ্চিতভাবে জানি না। এই অনিশ্চয়তা থেকে অনেক সময় নিজের আশঙ্কাকেই সত্যি বলে ধরে নিই। কেউ আপনার দিকে তাকিয়ে থাকলে মনে হতে পারে, তিনি হয়তো আপনার পোশাক বা আচরণ বিচার করছেন। কিন্তু তার তাকিয়ে থাকার পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে।
স্পটলাইট ইফেক্ট সামলাবেন কীভাবে?
এ পরিস্থিতিতে যেকোনো মানুষের অস্বস্তি তৈরি হতে পারে। তবে কিছু অভ্যাসের মাধ্যমে এই প্রবণতা সামলানো সম্ভব বলে জানিয়েছেন ডা. সুমনা কোল। যেমন -
নিজের ধারণা নিয়ে প্রশ্ন করুন: মনে হচ্ছে সবাই আপনাকে দেখছে বা বিচার করছে? নিজেকে প্রশ্ন করুন, এর পক্ষে আপনার কাছে কী প্রমাণ আছে? আপনি কি সত্যিই জানেন যে সবাই আপনার দিকে তাকিয়ে আছেন, নাকি এটি কেবল আপনার অনুমান?
অন্যদের ধারণা নিয়ে অতিরিক্ত ভাববেন না: মনে রাখুন, অন্যরা আপনার প্রতিটি ভুল, পোশাক কিংবা আচরণের খুঁটিনাটি মনে রাখবেন, এমন নয়। বেশির ভাগ মানুষই নিজের চিন্তা ও কাজ নিয়ে ব্যস্ত থাকেন।
ভুলকে স্বাভাবিকভাবে নিন: সবার সামনে ভুল করা কিংবা বিব্রতকর পরিস্থিতিতে পড়া অস্বাভাবিক কিছু নয়। এমন ঘটনা ঘটলে সেটি নিয়ে বারবার চিন্তা না করে স্বাভাবিকভাবে নিজের কাজ চালিয়ে যান। সব সময় নিখুঁত হওয়ার প্রয়োজন নেই।
বর্তমান মুহূর্তে মনোযোগ দিন: অন্যরা কী ভাবছে, তা অনুমান করতে গিয়ে নিজের কাজ থেকে মনোযোগ সরিয়ে ফেলবেন না। আপনি যে কাজটি করছেন, সেদিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। এতে অপ্রয়োজনীয় চিন্তা থেকে মনকে দূরে রাখা সহজ হয়।
মনে রাখবেন, নিজের জীবনে আপনি গুরুত্বপূর্ণ হলেও অন্য সবার জীবনের কেন্দ্রবিন্দু নন। অন্যরা আপনার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে - এমনটা ভাবার প্রয়োজন নেই।
মনে রাখবেন, অন্যরা আপনাকে কীভাবে দেখছেন, তার চেয়ে আপনি নিজেকে কীভাবে দেখছেন, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। আপনার প্রতিটি কাজ নিখুঁত নাও হতে পারে। তাই অন্যের বিচার বা নেতিবাচক ধারণার ভয় পেয়ে নিজের স্বাভাবিক জীবনযাপন থামিয়ে দেবেন না। নিজের সিদ্ধান্ত, যোগ্যতা ও স্বতন্ত্রতাকে গুরুত্ব দিন এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মতো করে বাঁচুন। কারণ অন্যের চোখে নিখুঁত হয়ে ওঠার চেয়ে নিজের কাছে আত্মবিশ্বাসী হওয়া অনেক বেশি জরুরি।