দিনের বেলা অতিরিক্ত ঘুম ঘুম ভাব কি বড় কোনো রোগের লক্ষণ!

দুপুরের খাবার শেষে একটু চোখ বুজে নেওয়া, বিকেলে টেলিভিশন দেখতে দেখতে ঘুমিয়ে পড়া - বয়স বাড়ার সঙ্গে এমন অভ্যাস অনেকেরই হয়। কিন্তু রাতে টানা ঘুমানোর পরও যদি সকালে ঘুম কাটতে না চায়, কিংবা দিনের বেশির ভাগ সময়ই ঘুম ঘুম লাগে, তাহলে বিষয়টি অবহেলা করা ঠিক হবে না। নতুন এক গবেষণায় বয়স্কদের দিনের বেলা অতিরিক্ত ঘুমানোর সঙ্গে মৃত্যুঝুঁকির সম্পর্ক পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ম্যাস জেনারেল ব্রিগহাম ও রাশ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের গবেষকরা এ গবেষণা পরিচালনা করেন। হার্ভার্ড গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, দিনের বেলা কতক্ষণ ও কতবার ঘুমাচ্ছেন, তার সঙ্গে বয়স্কদের মৃত্যুঝুঁকির সম্পর্ক রয়েছে।

গবেষণাটির প্রধান লেখক চেনলু গাও ম্যাস জেনারেল ব্রিগহামের অ্যানেসথেসিওলজি বিভাগের গবেষক। তার মতে, বয়স বাড়ার সঙ্গে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে। বয়স্কদের দিনের বেলা ঘুমানোর প্রবণতাও বেশি। এই দুইয়ের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা জানতেই গবেষকরা বিষয়টি নিয়ে কাজ করেছেন।

এজন্য তারা ‘রাশ মেমোরি অ্যান্ড এজিং প্রজেক্টের’ তথ্য বিশ্লেষণ করেন। ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের উত্তর ইলিনয়ে বয়স্ক ব্যক্তিদের স্মৃতিশক্তি ও মস্তিষ্কের পরিবর্তন পর্যবেক্ষণের উদ্দেশ্যে প্রকল্পটি শুরু হয়েছিল।

এই গবেষণায় অংশগ্রহণকারীদের ঘুমের ধরন জানতে তাদের নিজেদের দেওয়া তথ্যের ওপর নির্ভর করা হয়নি। ২০০৫ সাল থেকে তাদের হাতে টানা ১০ দিন বিশেষ একটি যন্ত্র পরিয়ে রাখা হয়। এর মাধ্যমে ঘুমানোর সময়, ঘুমের স্থায়িত্ব এবং দিনে কতবার ঘুম হচ্ছে, তা রেকর্ড করা হয়। প্রতিদিন ঘুমের সময়ের পরিবর্তনও পর্যবেক্ষণ করেন গবেষকরা।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সংবাদমাধ্যম হার্ভার্ড গেজেটের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

দিনের ঘুমের সঙ্গে মৃত্যুঝুঁকির সম্পর্ক

২০২৫ সাল নাগাদ গবেষকেরা ১,৩৩৮ জন অংশগ্রহণকারীর সর্বোচ্চ ১৯ বছরের তথ্য বিশ্লেষণ করেন। তাদের প্রত্যেকের বয়স ছিল ৫৬ বছরের বেশি। সবাই অবসর জীবন কাটাচ্ছিলেন।

তথ্য বিশ্লেষণে দিনের বেলা ঘুমানোর সময় ও ঘনত্বের সঙ্গে মৃত্যুঝুঁকির একটি সম্পর্ক পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন দিনের ঘুমের সময় এক ঘণ্টা বাড়লে মৃত্যুঝুঁকি প্রায় ১৩% বেশি। একইভাবে, দিনে অতিরিক্ত একবার ঘুমানোর সঙ্গে মৃত্যুঝুঁকি ৭% বেশি হওয়ার সম্পর্ক রয়েছে।

তবে গবেষকরা বলেননি যে দিনের বেলা ঘুমানোর কারণেই মৃত্যুঝুঁকি বাড়ে। বরং তাদের ধারণা, অতিরিক্ত ঘুম ঘুম ভাব শরীরের ভেতরে থাকা কোনো অসুস্থতার লক্ষণ হতে পারে।

চেনলু গাওয়ের ব্যাখ্যা, অসুস্থ হলে শরীর অনেক সময় ক্লান্তি ও ঘুমের মাধ্যমে সংকেত দেয়। যেমন -  ফ্লু হলে দুর্বলতা ও ক্লান্তির পাশাপাশি বারবার ঘুম পেতে পারে। এক্ষেত্রে জ্বরসহ অন্যান্য উপসর্গ দেখে অসুস্থতা শনাক্ত করা সম্ভব। কিন্তু বয়স্কদের শরীরে কোনো রোগের স্পষ্ট লক্ষণ না থাকলেও অতিরিক্ত ক্লান্তি ও ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে।

দিনের ঘুমের পেছনে শুধু শারীরিক কারণই কাজ করে না। সামাজিক ও শারীরিক কর্মকাণ্ডও এর সঙ্গে যুক্ত থাকতে পারে বলে মনে করেন গবেষক রুইশুয়ে কাই। তার মতে, যারা অন্যদের সঙ্গে কম মেলামেশা করে এবং শারীরিকভাবে কম সক্রিয়, তাদের মধ্যে বিষণ্ণতা ও উদ্বেগের প্রবণতা বেশি হতে পারে। অবসর জীবনে একাকিত্ব কিংবা একঘেয়েমি থেকেও কেউ কেউ দিনের বড় একটা সময় ঘুমিয়ে কাটাতে পারেন।

দিনের কোন সময়ে ঘুমাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ 

গবেষণায় শুধু দিনের মোট ঘুমের সময় বা ঘুমানোর সংখ্যা নয়, দিনের কোন সময়ে ঘুমানো হচ্ছে, সেটিও বিবেচনা করা হয়েছে। এতে দেখা গেছে, যারা সকালে ঘুমান, তাদের মৃত্যুঝুঁকি দুপুরের শুরুতে ঘুমানো ব্যক্তিদের তুলনায় ৩০% বেশি।

গবেষকদের মতে, রাতে পর্যাপ্ত ঘুমের পর সাধারণত সকালে সতেজ বোধ করার কথা। কিন্তু ঘুম থেকে ওঠার পরও যদি ঘুম ঘুম ভাব না কাটে কিংবা বারবার চোখ বন্ধ হয়ে আসে, তাহলে এর পেছনে শারীরিক কোনো সমস্যা থাকতে পারে।

তবে দিনের বেলা ঘুমানো মানেই বিপদের লক্ষণ নয়। মাঝেমধ্যে ঘুমিয়ে পড়লে দুশ্চিন্তার প্রয়োজন নেই। চেনলু গাওয়ের পরামর্শ, দিনের ঘুম ২০ মিনিটের মধ্যে সীমিত রাখা ভালো। আর দুপুর ২টা থেকে ৩টার আগেই ঘুম শেষ করা উচিত। এতে রাতের ঘুমে ব্যাঘাত ঘটার আশঙ্কা কমে।

গবেষণায় দিনের বেলা ঘুমানোর সঙ্গে মৃত্যুঝুঁকির সম্পর্ক পাওয়া গেলেও, ঘুমানোর কারণেই মৃত্যুঝুঁকি বাড়ে কি না, তা নিশ্চিত হতে পারেননি গবেষকেরা। এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

তাই দিনের বেলা অল্প সময়ের জন্য ঘুমিয়ে নেওয়াকে অস্বাভাবিক ভাবার কারণ নেই। তবে রাতে পর্যাপ্ত ঘুমের পরও নিয়মিত ক্লান্তি থাকা, সকালে ঘুম না কাটা কিংবা দিনের বিভিন্ন সময়ে বারবার ঘুমিয়ে পড়ার প্রবণতা দেখা দিলে বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। এমন সমস্যা নিয়মিত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।