বন্যাদুর্গত মানুষের পাশে যুবদল, বাঁশখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে গঠিত মেডিকেল টিম বিভিন্ন জেলায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। 

যুবদলের এই মানবিক উদ্যোগের আওতায় চট্টগ্রাম বিভাগের বাঁশখালী, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বন্যাকবলিত এলাকায় চিকিৎসাসেবা ও ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। 

এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ক্যাম্পে শতাধিক বন্যাকবলিত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. লোহানী তাজুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন, ডা. আল মামুন হাসান খান এমিল এবং ডা. সানিয়া নাসরিন। 

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের দিকনির্দেশনায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

সংগঠনটির নেতারা জানান, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ না কমা পর্যন্ত চিকিৎসাসেবা ও ত্রাণ সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।