সাবেক বিমানবাহিনী প্রধান খাদেমুল বাশারের ৫০তম শাহাদাতবার্ষিকী পালিত

বাংলাদেশ বিমানবাহিনী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম এবং স্কোয়াড্রন লীডার মফিজুল হক-এর ৫০তম শাহাদাতবার্ষিকী পালন করেছে।  

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার মহান মুক্তিযুদ্ধে ৬নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা এবং স্বাধীনতা পরবর্তী বিমানবাহিনী গঠনে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ বিমানবাহিনী এই বীর মুক্তিযোদ্ধাকে কৃতজ্ঞচিত্তে ও শ্রদ্ধাভরে স্মরণ করে। 

এই সাহসী বৈমানিক ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন। উল্লেখ্য, সেই দুর্ঘটনায় একইসঙ্গে স্কোয়াড্রন লীডার মফিজুল হকও শাহাদাতবরণ করেন। 

উল্লেখ্য, আজকের এই দিনে, বাংলাদেশ বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

মাহফিলসমূহে বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কর্মকর্তাবৃন্দ, বিমানসেনারা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

এছাড়াও, বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এ মরহুমের কবরে ফাতেহা পাঠের আয়োজন করে।