হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় QRF (Quick Response Force)-এর দায়িত্ব পালনকালে গত সোমবার রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে বিমান বাহিনীর ৭ জন সদস্য বহনকারী বিমান বাহিনীর একটি জিপ মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হয়।
দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দ্রুত উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা-তে নিয়ে যান।
সিএমএইচ-এর কর্তব্যরত চিকিৎসক বাংলাদেশ বিমান বাহিনীর ৩ জন সদস্য- ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান পিয়াস এবং এলএসি মোঃ জুবাইদুল ইসলাম-কে মৃত ঘোষণা করেন।
এছাড়া, দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশ বিমানবাহিনীর অপর ৪ জন সদস্য বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব গুরুত্বপূর্ণ বিমানবন্দরসমূহে In Aid To Civil Power এর আওতায় বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা অদ্যাবধি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, যাত্রীবৃন্দের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত ও সার্বিক নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে নিরলস দায়িত্ব পালন করে আসছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টা ৩০ মিনিটে ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার (কুর্মিটোলা)-এর সি-১৩০ হ্যাঙ্গারে সামরিক মর্যাদায় মরহুমদের নামাজের জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি জানাজার নামাজে অংশগ্রহণ করেন।
এসময়, বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি মরহুমদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এছাড়াও, অনুষ্ঠানে মরহুমদের পরিবারের সদস্য, প্রাক্তন বিমানবাহিনী প্রধান, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে, মরহুমদের নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে, বিমানবাহিনীর প্রতিনিধিদল যথাযথ সামরিক মর্যাদায় মরহুমদের দাফনকার্য সম্পন্ন করবে।
বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে তাদের এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।