শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় অবস্থিত পূজা মণ্ডপসমূহে অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নগর ভবন অডিটোরিয়ামে অনুদান প্রদান করা হয়।অনুষ্ঠানে ডিএসসিসি এলাকার ১৬৮টি পূজা মণ্ডপের প্রতিনিধিদেের হাতে মোট ১৯ লক্ষ ৮০ হাজার টাকার অনুদানের অর্থ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজা মণ্ডপসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাঝে অনুদানের অর্থ হস্তান্তর করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘‘দেশকে রক্ষা করতে এবং সামনের দিকে এগিয়ে নিতে হলে সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশ আমাদের সকলের। এ দেশের মানুষের সবচেয়ে বড় পরিচয়-আমরা সবাই বাংলাদেশি।’’
পূজার সার্বিক প্রস্তুতির বিষয়ে প্রশাসক আশ্বাস দিয়ে বলেন, ‘‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহরজুড়ে সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি পূজামণ্ডপের সীমানার ভেতরের সড়কবাতি সচল রাখা এবং ড্রেন-নর্দমা পরিষ্কার করার বিষয়গুলো পূজার আগেই জরুরি ভিত্তিতে সমাধান করা হবে।’’
তিনি আরও জানান, পূজার তিন দিন আগে থেকে নগর ভবনে একটি সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করা হবে।
অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ডিএসসিসির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘‘অনুদানের অর্থের পরিমাণের চেয়েও বড় বিষয় হলো-ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আজ শহরের সকল পূজা মণ্ডপের প্রতিনিধিদের ডেকে এনে যে মূল্যায়ন ও স্বীকৃতি দিয়েছে, তা আমাদের পূজার আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।’’
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সব পূজামণ্ডপের আমন্ত্রিত প্রতিনিধি এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।