রাষ্ট্রপতির সঙ্গে নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

বুধবার (২৬ জুলাই) রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে যান নৌপ্রধান। এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

নবনিযুক্ত নৌপ্রধানকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের বিশাল সমুদ্র এলাকার সার্বভৌমত্ব রক্ষাসহ এ অঞ্চলের সামুদ্রিক সম্পদ আহরণ ও সংরক্ষণে  বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 

রাষ্ট্রপতি আরও বলেন,  সরকার সশস্ত্র বাহিনীর উন্নয়নে ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়ন করছে। ফলে বাংলাদেশ নৌবাহিনী আজ ত্রিমাত্রিক, দক্ষ ও চৌকস বাহিনীতে পরিণত হয়েছে। 

আশা প্রকাশ করে তিনি আরও বলেন, নৌবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী আরও আধুনিক, প্রযুক্তিসম্পন্ন এবং শক্তিশালী বাহিনীতে পরিণত হবে।

দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন নৌবাহিনী প্রধান। রাষ্ট্রপতি নৌপ্রধানের সাফল্য কামনা করেন। সাক্ষাতের সময় রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।

এর আগে নৌবাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।