কুমিল্লায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যালায়েন্স গঠন বিষয়ক সভা

কুমিল্লায় এলজিইডির প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেসের স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট “জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে” অ্যালায়েন্স গঠন করার বিষয়ে সভা করেছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম। এডভোকেসি কাউন্সিলর শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আদর্শ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হোসনেয়ারা বকুল, উপজেলা সহকারী প্রকৌশলী সাবরীন মাহফুজ, এলজিইডি কুমিল্লা অঞ্চলের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা অফিসার মো. সুলতান মাহমুদ।

সভায় বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কর্মপরিধি তুলে ধরেন।

গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, কর্মপরিবেশ তৈরি, নারী শ্রমিকদের কাজের সুবিধা, পরিবেশ সৃষ্টি ও প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে পুরুষের পাশাপাশি নারী শ্রমিকের ন্যায্য অধিকার, মজুরি-ভাতা, নারী শ্রমিকদের নিরাপত্তা, সেইফটি সিকিউরিটি ও কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।

জেন্ডার সহিংসতা প্রতিরোধে নাগরিক পরিবীক্ষণ ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিতে একটি নাগরিক নেটওয়ার্ক গঠনের বিষয়ে উপস্থিত ব্যক্তিরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।