নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় ৯ কোটি ১৫ লাখ টাকার আইইউজিআইপি প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে তিনটি সড়ক, ড্রেন ও সড়কের দুই পাশের সড়ক বাতি রয়েছে।
শনিবার (১৩ জুলাই) বিকেলে জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এসব নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, পৌরসভার মেয়র সুন্দর আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ খান সোহাগ প্রমুখ।
পৌরসভার প্রকৌশলী মুজাহিদুল ইসলাম তুষার জানান, এডিবির অর্থায়নে এক কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ঝাউগড়া ঈদগাহ থেকে ঝাউগড়া কবরস্থান হয়ে মৌজাকান্দা বাজার পর্যন্ত ৩,৮৭৫ ফুট রাস্তা প্রশস্থকরণসহ কার্পেটিং ও সড়কের দুই পাশে সড়ক বাতি স্থাপন করা হবে। একই প্রকল্পে ছয় কোটি টাকা ব্যয়ে বাঘানগর খাল সংলগ্ন সাদেক কাউন্সিলরের বাড়ি থেকে চৌঘরিয়া পৌরসভার সীমানা পর্যন্ত ২,৮০০ ফুট আরসিসি ঢালাই, পাইপ ড্রেন নির্মাণসহ সড়কের দুই পাশে সড়ক বাতি স্থাপন এবং বাঘানগর খালের উপর ব্রিজ নির্মাণ। এছাড়াও এক কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে আড়াইহাজার লোহাপট্টি রোড, মুরগী রোড, পান ও দুধ পট্টি রোড, ইসলামী ব্যাংক পল্লী রোডে এক হাজার ফুট আরসিসি ঢালাইসহ দুই পাশে সড়ক বাতি স্থাপন করা হবে। এসব কাজ শেষ হলে আড়াইহাজার পৌরসভার দৃশ্যপট ব্যাপক পরিবর্তন ঘটবে।