শ্রীমঙ্গলে তারেক রাহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. মহসিন মিয়া মধু। তিনি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে শ্রীমঙ্গল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের যোগেন্দ্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

কম্বল বিতরণ কালে তিনি বলেন, “দীর্ঘ বছর ধরে অসহায় ও হত-দরিদ্র মানুষের কথা চিন্তা করে সবসময়ই মানবিক কাজ করে থাকি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করছি। কোনো মানুষ যেন শীতে কষ্ট ভোগ করতে না হয়। পৌরসভাসহ উপজেলার প্রত্যন্ত এলাকায় শীতার্ত মানুষের ঘরে শীতবস্ত্র পৌঁছে হবে।”

তিনি আরও বলেন, “শীতবস্ত্রের অভাবে যারা কষ্ট করছেন, তারা কেউ যাতে বাদ না পড়েন, দেখে দেখে সবাইকে দেওয়া হবে। আমাদের শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।”

শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক পৌর বিএনপির আহবায়ক মীর এম এ সালাম এর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম এ কাইয়ুম, নজরুল ইসলাম, আব্দুল মালেক, মোবারক হোসেন, যুবদল নেতা, তাহির মিয়া, টিটু দাস, মীর আবুল কালামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।