সিরাজগঞ্জে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

শনিবার (২৮ জুন) রাত ২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

আটককৃতরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী গ্রামের মো. মামুন দুলাল (৩৪) ও একই গ্রামের সুমন কর্মকার (৩৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল সাকিনস্থ ফুড সিটি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বের কাঁচা রাস্তার ওপর একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় তাদের সঙ্গে থাকা হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং নগদ ২২,০৮০ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘ দিন ধরে লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।