ভোলা জেলা সদরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড।
রবিবার (১৩ জুলাই) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘‘প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্টগার্ড।”
তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’’
এরই ধারাবাহিকতায় আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন ব্যাংকেরহাট এলাকায় ১১ নম্বর ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে ৪৮৬ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।
এসময় জলবসন্ত রোগ প্রতিরোধ, অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। এই জনসচেতনতামূলক সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।