জুলাই পুনর্জাগরণ-২০২৫ উপলক্ষে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে অনুষ্ঠিত চলচ্চিত্র প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। এ সময় তিনি জুলাই গণ-অভ্যুত্থানে সশরীরে অংশগ্রহণের স্মৃতি ও আন্দোলনের ভয়াবহতা তুলে ধরেন।
ড. মো. শহীদুল ইসলাম বলেন, ‘‘গত বছরের ১৫ জু্লাই শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে সন্ত্রাসী ও বহিরাগত দিয়ে যেভাবে হামলা চালানো হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ও ন্যাক্কারজনক। একটি স্বাধীন দেশে স্বাধীনতার ৫৪ বছর পরেও যে এ ধরণের হামলা হতে পারে তা অকল্পনীয়।’’
এ সময় তিনি জুলাই অভ্যুত্থানের সব শহিদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ ও তাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের ওপর নির্মম হামলা ও গুলির ঘটনায় জড়িতদের এবং এর নির্দেশদাতা ও মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এছাড়া তিনি জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনীসহ অন্যান্য আয়োজনের জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে পিরোজপুর জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ-আল-মাসুদ ও জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।