ঢাকা কলেজের সেকাল-একাল

১৮৩৫ সাল। ভারতবর্ষে ব্রিটিশ রাজত্বের সূর্য তখন মধ্যগগনে। লর্ড মেকলের প্রস্তাবে এবং গভর্নর জেনারেল লর্ড বেন্টিঙ্কের অনুমোদনে 'ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্ট'-এর বাস্তবায়নে এগিয়ে আসেন ঢাকার সিভিল সার্জন জেমস টেইলর ও ম্যাজিস্ট্রেট গ্র্যান্ট। জনশিক্ষা কমিটির উদ্যোগে বুড়িগঙ্গার তীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দোতলা কুঠিতে জন্ম নেয় ইংলিশ সেমিনারি স্কুল, যা আজকের ঢাকা কলেজিয়েট স্কুল। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দেড় দশক আগে ১৮৪১ সালে ৩৪০ জন ছাত্র, ১১ জন শিক্ষক এবং পাঁচটি বিষয় নিয়ে স্কুল ভবনের দোতলার তিনটি কক্ষে আত্মপ্রকাশ করে ঢাকা কলেজ।

জনগণের অনুদানে ২ হাজার টাকায় কেনা জমিতে ১৮৪১ সালের ২০ নভেম্বর কলকাতার বিশপ রেভারেন্ড ড্যানিয়েল সম্পূর্ণ ব্রিটিশ ঐতিহ্যে ঢাকা কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশ্চাত্য শৈলীতে নির্মিত সাদা রঙের দোতলা ভবনে পাঠদান শুরু হয় ১৮৪৬ সালে। প্রথম অধ্যক্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জে. আয়ারল্যান্ডসহ দেশি-বিদেশি দিকপাল শিক্ষকদের প্রচেষ্টায় খুব অল্প সময়ের মধ্যেই ঢাকা কলেজ প্রথম শ্রেণির কলেজের স্বীকৃতি লাভ করে। সিলেবাসকে লন্ডন বিশ্ববিদ্যালয়ের সমতুল্য ঘোষণা, আটজন মেধাবীর কলকাতা মেডিকেলে স্কলারশিপ অর্জন, লাইব্রেরিতে এনসাইক্লোপিডিয়া সংযোজন, জরিপ শিক্ষা, আইন বিভাগ, বিএ ও এমএ অনার্স কোর্স, পৃথক বিজ্ঞান বিভাগ, রসায়ন ল্যাব প্রতিষ্ঠা, মঞ্চনাটকের সূচনা এবং ইডেন গার্ডেনে প্রেসিডেন্সি কলেজকে ক্রিকেটে হারানো, এসবই ঢাকা কলেজের সোনালি অতীতের গৌরবের সামান্য অংশ মাত্র।

গৌরবের সৌরভ চতুর্মুখী হওয়ার সঙ্গে সঙ্গে স্থান সংকটের কারণে ১৯০৮ সালের জুনে ঢাকা কলেজ চলে আসে রমনার সবুজ চত্বরে কার্জন হলে। একই বছর নির্মিত হয় চারটি অধ্যাপক বাংলো এবং সুরম্য ছাত্রাবাস। এরপর ১৯২১ সালের ১ জুলাই ঢাকা কলেজের ৮০ বছরের গৌরবময় রাজকীয় ইতিহাসের আত্মাহুতির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বস্ব উজাড় করে দিয়ে উদ্বাস্তু ঢাকা কলেজ স্থান পায় পুরাতন হাইকোর্ট ভবনে; কখনো সিদ্দিকবাজার ও ফুলবাড়িয়ার ভাড়া করা নোনাধরা বাড়িতে, আবার কখনো লক্ষ্মীবাজারে। তারপরও থামেনি বহুমাত্রিক মেধার উত্থান এবং কলেজ স্থানান্তরের তীব্র আন্দোলন। এরই ফলাফলস্বরূপ ১৯৫৫ সাল থেকে নিউমার্কেট থানার অধীনে মিরপুর সড়কের শ্যামল চত্বরে গড়ে ওঠে ঢাকা কলেজের স্থায়ী নিবাস।

বর্তমানে নয়টি গ্যালারি, অডিটোরিয়াম ও শিক্ষক লাউঞ্জসহ দোতলা মূল ভবন, উদ্ভিদবিজ্ঞান ভবন, আইসিটি ভবন, ১০ তলা একাডেমিক ভবন, আটটি ছাত্রাবাস, মসজিদ, ক্যানটিন, জিমনেসিয়াম, টেনিস গ্রাউন্ড, খেলার মাঠ, পরিবহন বাস, সান্ধ্যকালীন পাঠকক্ষ, মেডিকেল সেন্টার, শহীদ মিনার, মুক্তমঞ্চ, বাগান, পুকুর এবং অজস্র বৃক্ষরাজি শোভিত ঢাকা কলেজে রয়েছে 'নো দাই সেলফ' খোদিত মনোমুগ্ধকর প্রধান প্রবেশদ্বার। উচ্চমাধ্যমিকসহ ১৯টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ২০ হাজার ছাত্র, ২৫০ জন শিক্ষক এবং ২৫০ জন কর্মচারীর সমন্বয়ে গঠিত বৃহৎ ঢাকা কলেজ পরিবারে রয়েছে রোভার স্কাউট, বিএনসিসি ও রেড ক্রিসেন্টসহ সহশিক্ষা কার্যক্রমের ২০টি ইউনিট।

প্রতিদিন সকাল সাড়ে সাতটায় ইউনিফর্ম পরিহিত শত শত ছাত্রের পদচারণায় জেগে ওঠে এই চত্বর। সকাল আটটায় ক্যাম্পাস নীরব হয়ে যায় জাতীয় সংগীতের অমিয় বাণীর দীক্ষায় এবং কর্তব্যনিষ্ঠ শিক্ষকদের মেধাবী উচ্চারণে। ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, মানবিক গুণাবলির বিকাশ ও শৃঙ্খলা রক্ষায় রয়েছে পাঠ পরিকল্পনা উন্নয়ন, মাসিক পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক পর্যবেক্ষণ কমিটি। স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির জন্যও রয়েছে মনিটরিং কমিটি। ভর্তি, হাজিরা ও আর্থিক ব্যবস্থাপনায় ডিজিটাল প্ল্যাটফর্ম, পাঠদানে মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং আধুনিক অনলাইন স্টুডিও ঢাকা কলেজের ব্যতিক্রমধর্মী উদ্যোগ। নকলমুক্ত পরীক্ষা, চমৎকার ফলাফল, বহির্বিশ্বে স্কলারশিপসহ উচ্চশিক্ষা গ্রহণ, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকদের গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রমে সাফল্য ঢাকা কলেজের অনন্য উচ্চতার স্মারক।

ঢাকা কলেজের ১৮৬ বছরের গৌরবের নকশিকাঁথার প্রতিটি ভাঁজে রয়েছে সেকাল-একালের শত শত ধীমান শিক্ষকের অবদানের উপাখ্যান। কিংবদন্তি শিক্ষাবিদ জে. আয়ারল্যান্ড, ডব্লিউ. এ. জেনকিন্স, জর্জ হ্যারি ল্যাংলি, প্রসন্ন কুমার রায়, কাজী আবদুল ওদুদ, মনসুরউদ্দীন আহমদ, আশরাফ সিদ্দিকী, আলাউদ্দিন আল আজাদ, জালালুদ্দীন আহমেদ, ড. সাদানী, মোহাম্মদ নোমান, সায়েদ উর রহমান, এম. ইউ. আহমেদ, শওকত ওসমান, আবদার রশীদ, আখতারুজ্জামান ইলিয়াস, আবু রুশ্দ মতিনউদ্দিন, নজিবুর রহমান সাহিত্যরত্ন, ড. মাহমুদুর রহমান চৌধুরী, আবদুল্লাহ আবু সায়ীদ, মোহাম্মদ রফিক, ড. সুরাত আলী, আবদুস সবুর, রওশনআরা রহমান, নাজ করিম, নাজমা হাসিন, আখতার জাহান ফরিদা বানু, ড. আয়েশা বেগম এবং স্বনামধন্য শিক্ষক মির্জা ফখরুল ইসলাম আলমগীর- বর্তমান অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইলিয়াস এবং বর্তমান উপাধ্যক্ষ প্রফেসর আনোয়ার মাহমুদের হাত ধরেই আমরা পেয়েছি বিশ্বময় ছড়িয়ে থাকা অজস্র কালজয়ী শিক্ষার্থী। পরিসরের কারণে যাঁদের নাম উল্লেখ করা সম্ভব হলো না, তাঁদের প্রতিও রইল গভীর শ্রদ্ধা।

ঢাকা কলেজের অহংকারের অলংকার প্রাক্তন ছাত্রদের মধ্যে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রাক্তন রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও জিল্লুর রহমান, মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মামুন আবদুল গাইয়ুম, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, প্রাক্তন প্রধানমন্ত্রী মওদুদ আহমদ, উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, প্রধান বিচারপতি এ টি এম আফজাল, জাতীয় চার নেতার অন্যতম এম. মনসুর আলী, মন্ত্রী এম. কে. আনোয়ার, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ, উপাচার্য এ. আর. মল্লিক, সচিব আসাফুদ্দৌলা, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, বিশ্বখ্যাত পদার্থবিদ মেঘনাদ সাহা, পরিসংখ্যানবিদ কাজী মোতাহার হোসেন, শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী এবং জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।

এ ছাড়াও এই প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের তালিকায় রয়েছেন সাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ, হুমায়ুন আজাদ, আখতারুজ্জামান ইলিয়াস, চলচ্চিত্রকার খান আতাউর রহমান, আলমগীর কবির ও জহির রায়হান, নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী, পাপেট শিল্পী মোস্তফা মনোয়ার, সাংবাদিক তোয়াব খান, প্রযুক্তিবিদ জামিলুর রেজা চৌধুরী, কোয়ান্টাম বিজ্ঞানী ড. এম. জাহিদ হাসান, ময়মনসিংহ গীতিকার সম্পাদক দীনেশচন্দ্র সেন, ইতিহাসবিদ নলিনীকান্ত ভট্টশালী, কবি বুদ্ধদেব বসু, শামসুর রাহমান, আবু জাফর ওবায়দুল্লাহ, আবদুল মান্নান সৈয়দ, আবু হেনা মোস্তফা কামাল, মহাদেব সাহা, আবুল হাসান, নুরুল হুদা, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, ছড়াকার লুৎফর রহমান রিটন, রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, শহীদ রুমী এবং অবিসংবাদিত জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ। ঢাকা কলেজের অগণিত প্রাক্তনীরাই দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রী, সংসদ সদস্য, উপাচার্য, অ্যাটর্নি জেনারেল, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অধ্যাপক, বিজ্ঞানী, সচিব, চিকিৎসক, প্রকৌশলী, রাজনীতিবিদ, কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, ক্রীড়াবিদ, আইনবিদ ও ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এরাই এই ভূখণ্ডের মধ্যবিত্ত শ্রেণির বিকাশ, সাংস্কৃতিক জাগরণ এবং গণ-আন্দোলনের মূল চালিকাশক্তি।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি আবদুল গাফফার চৌধুরী ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রাবস্থায় রচনা করেন। শুধু তা-ই নয়, ফুলবাড়িয়ার ঢাকা কলেজে নির্মিত হয় প্রথম শহীদ মিনার। ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণ-অভ্যুত্থান, ৭১-এর অগ্নিঝরা স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা-পরবর্তীকালে জাতীয় জীবনের ন্যায্য সংগ্রাম, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সর্বোপরি চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থানের বিজয়ে ঢাকা কলেজের ছাত্রদের রয়েছে অনবদ্য অবদান।

সেই অবদান উদযাপনে প্রাণের আবেগে ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাক্তনরা সমবেত হয়েছেন। এই আনন্দময় উদযাপন এই মাটিকে উদ্ভাসিত করেছে গৌরবের আলোকশিখায়। এই আলোকশিখার সকল অংশীজন বন্ধুত্বের টানে এই ভূমিতে বারবার ফিরে আসতে চান। সকল অংশীজন ও বন্ধুজনের স্বপ্ন, এই আঙিনার সার্বিক উন্নয়নে 'ঢাকা কলেজের মহাপরিকল্পনার' সফল বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা। ভীষণ আবেগে সবার সম্মিলিত উচ্চারণ—

“ঢাকা কলেজ
আমাদের দ্বিতীয় জন্মের আঁতুড়ঘর
এখানেই ছিলাম, এখানেই আছি; আমাদের সব ঋণ এই মাটির কাছে।”

 

ড. মাহবুবা খানম, অধ্যাপক, রসায়ন বিভাগ, ঢাকা কলেজ
  প্রকাশিত মতামত লেখকের একান্ত ব্যক্তিগত। ঢাকা ট্রিবিউন কর্তৃপক্ষ এর জন্য দায়ী নয়।