ভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, তৃতীয় সন্তান জন্ম নিলে পরিবারকে ৩০ হাজার রুপি এবং চতুর্থ সন্তানের জন্য ৪০ হাজার রুপি প্রণোদনা দেবে তার সরকার।
রবিবার (১৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নাইডু বলেন, “আমি বিষয়টি নিয়ে বহুবার ভেবেছি। অতীতে আমি পরিবার পরিকল্পনার পক্ষে কাজ করেছি। কিন্তু এখন আবার এমন সময় এসেছে, যখন সন্তানরাই আমাদের সম্পদ। তাদের জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে।”
এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে শুরু হয়েছে সমালোচনা।
বিরোধী দলগুলোর অভিযোগ, লোকসভায় আসনসংখ্যা বাড়ানোর কেন্দ্রীয় উদ্যোগের সঙ্গেই এই নীতির সম্পর্ক রয়েছে। পাশাপাশি তারা জাতীয় পর্যায়ে পরিবার পরিকল্পনা নীতি কার্যকর না হওয়া নিয়েও প্রশ্ন তুলেছে।