দেখা গেছে মহররমের চাঁদ, আশুরা ২৬ জুন 

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামী  বুধবার (১৭ জুন) থেকে মহররম মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী শুক্রবার (২৬ জুন) পবিত্র আশুরা পালিত হবে। 

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে মঙ্গলবার ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। আর ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।

আশুরার দিন ২৬ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি নির্ধারণ করা আছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে আশুরার তারিখ নির্ধারণ করা হয়। 

১০ মহররম মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে দিনটি পালন করেন। এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।