আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাজ্যে পড়াশোনার সুযোগ দিতে ‘বার্কবেক ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ ২০২৬’ চালু করেছে বার্কবেক, ইউনিভার্সিটি অব লন্ডন। শিক্ষার্থীদের জন্য টিউশন ফি কমিয়ে এ সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। নির্বাচিত শিক্ষার্থীরা প্রথম বছরের টিউশন ফির ওপর ১,০০০ থেকে ৫,০০০ পাউন্ড পর্যন্ত ছাড় পাবেন। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের শর্তসমূহ
আবেদনকারীদের অবশ্যই আন্তর্জাতিক বা ‘ওভারসিজ’ ফি-প্রদানকারী শিক্ষার্থী হতে হবে এবং ২০২৬ সালের শরৎকালীন সেশনের কোনো পূর্ণকালীন কোর্সে নিঃশর্ত অফার পেতে হবে। যেসব শিক্ষার্থী প্রথমবারের মতো বার্কবেক-এ ভর্তি হবেন, তারাই মূলত এই বৃত্তির জন্য বিবেচিত হবেন। এটি কোনো ফুল-ফান্ডেড স্কলারশিপ নয়। এটি শুধু টিউশন ফির একটি অংশ কমায় এবং জীবনযাত্রার ব্যয়, বিমান টিকিট কেনা বা ভিসার খরচ বহন করে না।
যারা যুক্তরাজ্যে তুলনামূলক কম খরচে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান, তাদের জন্য এই বৃত্তি একটি আকর্ষণীয় সুযোগ হিসেবে বিবেচিত হতে পারে। বৃত্তিটি সরাসরি নগদ অর্থ হিসেবে দেওয়া হবে না; বরং ভর্তি হওয়ার সময় টিউশন ফি থেকে নির্ধারিত পরিমাণ অর্থ কমিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা, সম্ভাবনা এবং সামগ্রিক আবেদনপত্র মূল্যায়নের মাধ্যমে বৃত্তি প্রদান করা হবে। এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রচারণামূলক ও শিক্ষার্থী-সম্পৃক্ত কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ থাকতে পারে। অবশিষ্ট টিউশন ফি এবং লন্ডনে থাকার খরচ নিজের তহবিল থেকে পরিচালনার স্পষ্ট প্রমাণ বা পরিকল্পনা দেখাতে হবে।
আবেদনের সময়সীমা
২০২৬ সালের জন্য এই স্কলারশিপে ধাপে ধাপে আবেদন গ্রহণ করা হচ্ছে। এবারের বৃত্তির আবেদনের সময়সীমা ১৯ জুলাই ২০২৬। এরপর চূড়ান্ত আবেদনের সুযোগ থাকবে আগামী ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত।
বার্কবেক এই বৃত্তি প্রদান, পরিবর্তন বা প্রত্যাহারের একক অধিকার রাখে। এটি শুধু প্রথমবারের মতো ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য, যা সরকারি বা বেসরকারি বৃত্তিপ্রাপ্ত বা বর্তমান শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়। শর্ট কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন না এবং স্কলার হিসেবে প্রচারণামূলক কার্যকলাপে অংশগ্রহণের পাশাপাশি ২০২৬ সালের ৬ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে বৃত্তি বাতিল হয়ে যাবে। একজন শিক্ষার্থী শুধু একটি বৃত্তি পাবেন, তবে একাধিক স্কিমের ক্ষেত্রে সর্বোচ্চ মূল্যের বৃত্তিটিই প্রদান করা হবে।
বৃত্তির বিস্তারিত তথ্য পেতে এখানে ক্লিক করুন।