যুক্তরাষ্ট্রের ইয়েস প্রোগ্রাম, সম্পূর্ণ অর্থায়নে পড়ার সুযোগ

বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ অর্থায়নে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ। কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) প্রোগ্রামের স্প্রিং ২০২৭ সেমিস্টারের জন্য আবেদন শুরু হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে।

ঢাকায় মার্কিন দূতাবাস বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে গিয়ে এক সেমিস্টার একটি আমেরিকান হাইস্কুলে পড়াশোনার পাশাপাশি দেশটির সংস্কৃতি ও জীবনযাপন সম্পর্কে জানার সুযোগ পাবেন।

ইয়েস প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের একটি পরিবারের সঙ্গে থেকে পড়াশোনা করবেন। এ সময় তাঁরা স্থানীয় পরিবারের জীবনযাপন ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

মার্কিন দূতাবাস জানিয়েছে, এই কর্মসূচির অন্যতম লক্ষ্য তরুণ নেতৃত্বের একটি নেটওয়ার্ক তৈরি করা। এর মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের সংস্কৃতি ও অভিজ্ঞতা মার্কিন নাগরিকদের সঙ্গে বিনিময়ের সুযোগ পাবেন।

মেধার ভিত্তিতে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। ২০০৪ সালে ইয়েস প্রোগ্রাম চালুর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ৫৩০ জন শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।

আগ্রহী শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যান্ড রিসোর্স নেটওয়ার্ক (আইইএআরএন) বাংলাদেশের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনসংক্রান্ত কোনো তথ্য জানতে এখানে ক্লিক করতে হবে।

অথবা [DhakaUSExchanges@State.gov] (mailto:DhakaUSExchanges@State.gov) ই-মেইলে যোগাযোগ করা যাবে। আবেদন করতে আইইএআরএন বাংলাদেশের ওয়েবসাইটে যেতে হবে।